ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নে ঐক্যের প্রার্থী হারুন অর রশিদ ভূইয়া (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সন্তান ও বৃহত্তর সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। স্বাধীনতার পর অর্থাৎ দীর্ঘ ৫০ বছর পর ভবানীপুরে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দিত ও উৎফল্লিত গ্রামবাসী। শুধু তাই নয়, গ্রামের ছোট-বড় অনেকের চোখে ঝড়ছে আনন্দ অশ্রু। আর বিজয় মাসে এই বিজয়কে আরেক ঐতিহাসিক বিজয় হিসেবে মনে করছেন তারা।
জানাগেছে, ভবানীপুরে গ্রামের মানুষজন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে বছর পর বছর ধরে সংঘর্ষের কারণে দুভাগে বিভক্ত ছিল। এবার আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এবং আর নয় কারো সঙ্গে বৈরিতা, হাতে হাত রেখে ও বুকে বুক মিলিয়ে নেন ঐক্যের শপথ। ফলে সকল ভেদাভেদ ভুলে গ্রামটির দুটি পক্ষ এক হয়ে ঐক্য গড়ে তুলে এবং ঐক্যের প্রার্থী হিসেবে হারুন অর রশিদ ভূইয়াকে নিয়ে নির্বাচনের মাটে নামেন তারা। আর এতে সাড়া দেন আশ-পাশের গ্রাম তেয়ারীরচর, জাফরনগর, বধূনগর ও বাউসমারা গ্রামের হাজার হাজার মানুষজন। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল বাসারকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেন ঐক্যের প্রার্থী (স্বতন্ত্র) হারুন অর রশিদ ভূইয়া। অর্থাৎ হারুন অর রশিদ ভূইয়া আনারস প্রতীকে ৫ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আবুল বাসার নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৯৬ ভোট। এমন বিজয়ে এখন সবার মুখে বিজয়ের হাসি।
বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভবানীপুর গ্রামের শিক্ষানুরাগী রফিকুল ইসলাম দুলাল বলেন, আসলে ঐক্যের কোন বিকল্প নেই। আমরা দীর্ঘ ৫০ বছর পরে হলেও সফল হয়েছি। মহান বিজয়ের মাসে আমরা আরেক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছি। আর এ বিজয় সম্মিলিত চেষ্টায় এবং ঐক্যের বিজয়।
সুশীল সমাজের মো. আক্তারুজামান, নাসির উদ্দীন প্রধান, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও অহিদুজ্জামানসহ বেশ কয়েকজন অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা মনে করেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে গ্রামের সাধারণ মানুষজন একজন সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেচে নিয়েছেন। আর গ্রামে এই ঐক্য ধরে রাখতে পারলে এই বিজয়ের ধারা অব্যাহত থাকতে পারে।
আর নবনির্বাচিত শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ ভূইয়া বলেন, আমি সবার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে নিয়ে শ্রীনগর ইউনিয়নকে
একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। শুধু তাই নয়, তিনি অন্ধকারাচন্ন সমাজকে তার চিন্তা ও চেতনা দিয়ে আলোকিত করতে চান।