তাড়াইল ছাড়া কিশোরগঞ্জের বাকি ১২ উপজেলার সবগুলোতে শতভাগ নলকূপে আর্সেনিকের অনুসন্ধান চালানো হবে। একটি প্রকল্পের আওতায় দেশের ৫৪টি জেলার ৩৩৫টি উপজেলায় এ পরীক্ষা চালানো হবে বলে জেলা প্রশাসনের একটি অবহিতকরণ সভায় জানানো হয়েছে। তাড়াইলে পরের ধাপের প্রকল্পের আওতায় আর্সেনিক অনুসন্ধান চালানো হবে।
আজ ২৭ ডিসেম্বর সোমবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এনজিও ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রমুখ।
সভায় জানানো হয়, গত শতাব্দীর শেষ নাগাদ বাংলাদেশ নলকূপ প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভস্থ পানি সরবরাহের কভারেজ ৯৭ ভাগ অর্জন করেছিল, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ। কিন্তু নব্বইয়ের দশকের শুরুর দিকে ভূগর্ভস্থ পানির অগভীর স্তরে আর্সেনিকের উপস্থিতি ধরা পড়ে। যার ফলে নিরাপদ পানি সরবরাহ কভারেজ ৭৪ ভাগে নেমে আসে। এরই প্রেক্ষিতে আর্সেনিক নিরসন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ২০০৯ সালে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জাইকা একটি সমীক্ষা পরিচালনা করে। দেশের তৎকালীন ৭টি বিভাগের ৫৫টি জেলার ৩০১টি উপজেলায় সমীক্ষাটি চালানো হয়। এরই ধারাবাহিকতায় ‘পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন’ শীষক প্রকল্পটি প্রণয়ন করা হয় এবং ২০১৮ সালের ৯ জানুয়ারি একনেক সভায় অনুমোদিত হয়। এই পকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নলকূপের পানিতে আর্সেনিক সনাক্তকরণের পর ওইসব এলাকায় নিরাপদ পানির উৎস ও প্রাপ্যতা নিশ্চিত করা।