কিশোরগঞ্জের তিন উপজেলার ২৯টি ইউনিয়নের ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে জেলা প্রশাসনের উদ্যোগে শপথ করানো হয়েছে। আজ ২৭ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম প্রধান অতিথি হিসেবে তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে করিমগঞ্জ ও বাজিতপুর উপজেলার ১১ জন করে, আর তাড়াইল উপজেলার ৭ জন চেয়ারম্যান শপথ নিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শেদা খাতুন, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নূর হোসেন, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।
শপথের আগে জেলা প্রশাসক বলেন, চেয়ারম্যান পদটি অত্যন্ত সম্মানের। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলেও এর গুরুত্ব অনেক। যারা চেয়ারম্যান হয়েছেন তাদের মনে রাখতে হবে, এটা ক্ষমতা নয়, দায়িত্ব। জনসেবার জন্য জনগণ আপনাদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন। এর মর্যাদা আপনাদের রক্ষা করতে হবে। চেয়ারম্যান হয়ে এর আয় দিয়ে সংসার চালানোর কথা চিন্তা করা যবে না। আপনারা জনসেবার মন নিয়েই এই চেয়ারে বসেছেন। বিবেক ও আইনের বিধান মেনে কাজ করলে কখনও কোন সমস্যায় পড়বেন না। বরং সমাজকে অনেক কিছু দেয়ার আছে। এখন সরকার ইউপি কার্যালয়কে সময়োপযোগী করে সাজিয়ে দিয়েছে। কাজেই আগেকার মত বাড়িতে বসে কাজ করার যুগ নেই। এখন অফিসে বসেই সকল প্রকার দায়িত্ব পালন ও সেবা দেয়া সম্ভব। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের কাজগুলো সুচারুরূপে করার জন্যও জেলা প্রশাসক আহবান জানিয়েছেন। তিনি গ্রাম আদালতগুলোকে কার্যকর করে স্থানীয় সমস্যাগুলো সমাধানের আহবান জানিয়ে বলেছেন, গ্রাম আদালতে ৫০ ও ৪১ ধারায় যেসব বিরোধ নিষ্পত্তি হবে, এগুলির কোন আপীল করা চলে না। কাজেই গ্রাম আদালতের গুরুত্ব যেন সবাই অনুধাবন করেন, সেই আহবান জানিয়েছেন। তিনি সরকারের উন্নয়ন দর্শন বাস্তবায়নে আন্তরিক হবার জন্যও চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি সামনে সম্ভাব্য করোনা মোকাবেলায় প্রত্যেক চেয়ারম্যানকে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে একটি চেক প্রদান করবেন বলেও জানিয়েছেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, কোন কোন চেয়ারম্যান এবার টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। যারা নতুন নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি পূববর্তী চেয়ারম্যানের কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়েছেন। তিনি এলজিএসপি’র কাজের নিয়ম মেনে চলা এবং স্বচ্ছতা নিশ্চিত করার দিকে সতর্ক থাকার জন্যও আহবান জানিয়েছেন। কোন সমস্যা হলে জেলা প্রশাসক ও তার সঙ্গে যোগাযোগ করার জন্য সকল চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়েছেন।