টাকার জন্য গরু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার একমাত্র আসামী মসজিদের মোয়াজ্জিন জাকির হোসেন (৩৬) কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নরসিংদীর মনোহরদী এলাকার মসজিদের মোয়াজ্জিন জাকির হোসেন ওই এলাকার গরু ব্যবসায়ী রমিজ উদ্দিনকে (৬৫) গরু কিনে দেয়ার ফাঁদ পেতে কিশোরগঞ্জে এনে হত্যা করে প্রায় আড়াই মাস পর র্যাবের হাতে লক্ষ্মীপুরের রামগতির একটি মসজিদে তাবলিগের কাফেলা থেকে গ্রেফতার হন। র্যাব তাকে কিশোরগঞ্জ থানায় সোপর্দ করলে আজ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের খাসকামরায় হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়ে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি ও এ মামলার তদন্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক পিপিএম। এরপর জাকির হোসেনকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার জিগাতলা লেংগুড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ঘাতক জাকির হোসেন মনোহরদীর একটি মসজিদে ৫ বছর ধরে মোয়াজ্জিন ছিলেন। সেই সুবাদে মনোহরদীর গরু ব্যবসায়ী রমিজ উদ্দিনকে টার্গেট করেন। তাকে নেত্রকোণা থেকে সস্তায় গরু কিনে দেয়ার প্রলোভনে ফেলেন। সপ্তাহ দুয়েক আগে রমিজ উদ্দিনকে নিয়ে নেত্রকোণার সীমান্তবর্তী গ্রামে গিয়ে গরু দরদাম করেও এসেছেন। এতে রমিজ উদ্দিনের বিশ্বাস তৈরি হওয়ায় তিনি গত ৩০ সেপ্টেম্বর ব্যাংক থেকে গরু কেনার জন্য ৬ লাখ টাকা উত্তোলন করেন। পরে গরু কেনার নাম করে ২ অক্টোবর রাতে রজিম উদ্দিনকে নিয়ে জাকির হোসেন প্রথমে কটিয়াদীতে ও পরে সেখান থেকে জেলা সদরের বড়পুল এলাকায় যান। এরপর পার্শ্ববর্তী ডাউকিয়া এলাকার একটি মসজিদের পাশে কলাবাগানের কাছে নির্জন স্থানে অবস্থান নেন এই বলে যে, ট্রাকে করে গরুগুলো নেত্রকোণা থেকে এখানেই নিয়ে আসবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাকির হোসেন গোপনে একটি ব্যাগে করে হাতুরি নিয়ে গিয়েছিলেন। রাত দেড়টার দিকে হাতুরি দিয়ে রমিজ উদ্দিনের মাথার বিভিন্ন জায়গায় এবং মুখমণ্ডলে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে মৃত ভেবে ফেলে রেখে টাকাগুলো লুটে নিয়ে জাকির হোসেন রাতেই মনোহরদীর কর্মস্থলে ফিরে যান। ফজরের সময় তিনি বরাবরের মত আজান দিয়ে নামাজ আদায় করেন। সকালে মক্তবের ২০ জন ছাত্রকে পাঠদানও করেন।
এদিকে ৩ অক্টোবর সকালে সদর থানার পুলিশ খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় রমিজ উদ্দিনকে অজ্ঞাত হিসেবে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়। ভিকটিমের বাড়িতে হত্যার ঘটনা জানাজানি হলে এদিনই ভিকটিমের ছেলে আব্দুস সালাম কিশোরগঞ্জ গিয়ে সদর মডেল থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিকে ধরা পড়ে যাবার ভয়ে জাকির হোসেন মসজিদ থেকে ছুটি নিয়ে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন। অন্যদিকে ঘটনার পর থেকে পুলিশ এবং র্যাব এই হত্যা রহস্য উদঘাটনে মাঠে কাজ শুরু করে। ঘাতক হিসেবে জাকির হোসেনকে চিহ্নিত করে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের রামগতি এলাকার একটি মসজিদ থেকে তাবলিগ জামাতে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আজ বেলা ২টার দিকে জাকির হোসেনকে আদালতে নিয়ে যাওয়া হয়। তাকে পর্যবেক্ষণ করা এবং জবানবন্দি রেকর্ড করাসহ পুরো কার্যক্রম সম্পন্ন করতে রাত প্রায় ৮টা বেজে যায়। জবানবন্দি গ্রহণশেষে জাকির হোসেনকে কিশোরগঞ্জ কারগারে পাঠিয়ে দেয়া হয়েছে।