বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ নারীমৃত্যুর ঘটনা ঘটে থাকে জরায়ু ক্যান্সারের (সার্ভাইকেল ক্যান্সার) কারণে। সময়মত পরীক্ষা করে নিরাময়ের উদ্যোগ গ্রহণ না করার কারণে এই অনভিপ্রেত মৃত্যুর ঘটনা ঘটছে। অথচ এই ক্যান্সারে নারীদের মৃত্যু ঘটলেও তা পরিবারের কাছে অজানা থাকে বলে কিশোরগঞ্জে এ সংক্রান্ত জেলা কমিটির সভায় জানানো হয়েছে। এখন জেলা সদরসহ কিশোরগঞ্জের সকল উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লোক্সে জরায়ু মুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের বিনামূল্যে শনাক্তকরণ পরীক্ষা করানোর ব্যবস্থা রয়েছে। পরীক্ষা করিয়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করালে সম্পূর্ণ নিরাময় হতে পারে বলে সভায় জানানো হয়েছে।
২০ ডিসেম্বর সোমবার সকালে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জেলা কমিটির সভাপতি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় ডা. রুবাইদা ইসলামের মূল প্রবন্ধে বলা হয়, বিয়ের ১০ বছর পর থেকে এবং ৩০ থেকে ৬০ বছরের নারীদের জরায়ু ক্যান্সার পরীক্ষা করানো উচিত। ২০৩০ সালের মধ্যে সরকারের টার্গেট হচ্ছে এসব বয়সের সিংহভাগ নারীকে জরায়ু ক্যান্সার পরীক্ষার আওতায় আনা। ব্রেস্ট ক্যান্সারেও উল্লেখযোগ্য সংখ্যক নারীদের মৃত্যু হয়ে থাকে। বিনামূল্যে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা দু’টি করানো হয়। গত এক বছরে জেলায় ১৫ হাজার নারীর জরায়ু ক্যান্সারের পরীক্ষা বা স্ক্রীনিং করানো হয়েছে। এর মধ্যে ক্যান্সার শনাক্ত হয়েছে ৩৭৭ জনের। যার অধিকাংশই সুস্থ হয়ে গেছেন। এখন পর্যন্ত শনাক্ত রোগীদের ময়মনসিংহে পাঠিয়ে বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। কিশোরগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি চলে এসেছে। দক্ষ জনবল নিয়োগ সম্পন্ন হলে এখানেই চিকিৎসা দেয়া হবে বলে প্রবন্ধে বলা হয়েছে। পরীক্ষার ক্যাটাগরির আওতাধীন সকল নারীকে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি করিয়ে নেয়ার জন্য আহবান জানানো হয়েছে। কারো যদি পরীক্ষার ফল নেগেটিভ আসে, তাহলে অন্তত পরবর্তী ৫ বছর তাকে এই পরীক্ষাটি করাতে হবে না। প্রবন্ধে আরও বলা হয়, গতবছর জেলায় ১৭ হাজার ১৯১টি ডেলিভারির মধ্যে নরমাল ডেলিভারি হয়েছে ৬ হাজার ২৪৫টি। আর এবছর ফেব্রুয়ারির পর থেকে ডেলিভারি হয়েছে ২২ হাজার ৯০৩টি। যার মধ্যে নরমাল ডেলিভারি হয়েছে ৬ হাজার ৯৪৫টি।
প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে সিভিল সার্জন বলেছেন, কোভিডের মধ্যেও কিশোরগঞ্জের স্বাস্থ্য বিভাগের সাফল্য আছে। উপজেলা পর্যায়ে মাতৃ ও শিশুমৃত্যু রোধে প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। গাইনি সেবায় জেনারেল হাসপাতাল দেশে দ্বিতীয়, আর ঢাকা বিভাগে প্রথম হয়েছে। তাড়াইল ও ভৈরবে সিজার করানোর সুবিধা সন্নিবেশিত হয়েছে। অন্যান্য উপজেলায়ও সিজার চালুর প্রচেষ্টা চলছে। তিনি সবাইকে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা করানোর ব্যাপারে মানুষকে সচেতন করার আহবান জানিয়েছেন।
জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেছেন, জনবলের প্রচণ্ড ঘাটতি নিয়েও এ হাসপাতালে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২০০৭ সালে ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল কাঠামো ১০০ শয্যারই রয়ে গেছে। ২৫০ শয্যার জনবল কাঠামো অনুসারে এখানে ১০০ জনের ওপর ডাক্তার থাকার কথা। সেই জায়াগায় ১০০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এখানে ৭২ জন ডাক্তার থাকার কথা থাকলেও তাও নেই। আছেন মাত্র ২৬ জন। প্রতিদিন দেড় সহস্রাধিক রোগী আসেন। আর দৈনিক ভর্তি থাকেন ৩০০ জনের বেশি। প্রতিদিন মেডিসিনের রোগী আসেন আড়াইশ’ জনের মত। মেডিসিনের ডাক্তার আছেন মাত্র একজন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখালেখি করা হয়েছে। জনবল বাড়লে স্বাস্থ্যসেবার মান আরও ভাল হবে বলে তিনি মন্তব্য করেছেন। হাসপাতাল আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ব্রেস্ট ক্যান্সার আর জরায়ু ক্যান্সার থেকে সহজেই আমরা নারীদের রক্ষা করতে পারি। এর জন্য সচেতনতা দরকার। সামান্য একটা পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে সহজেই তাকে আরোগ্য করা সম্ভব। অথচ চিকিৎসা বাবদ রাষ্ট্রের ৬০ থেকে ৭০ ভাগ টাকা খরচ হয়ে যায়। অনেক পরিবারও ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। এর ফলে দেশের অর্থনীতি এবং পারিবারিক পরিবেশের ওপর একটি নেতিবাচক প্রভাব পড়ছে। এর হাত থেকে পরিত্রাণ দরকার। তিনি জানান, এ ধরনের ক্যান্সারের জন্য ভ্যাকসিন এসেছে। এসব ভ্যাকসিন টিকাদান কর্মসূচীর আওতায় দেয়া হবে। সরকারিভাবে এসব ভ্যাকসিন কার্যক্রম কোভিডের কারণে শুরু করা সম্ভব হয়নি। অচিরেই শুরু করা হবে বলে তিনি ধারণা দিয়েছেন। কিশোরীদেরও এসব ভ্যাকসিন দেয়া হবে। তিনি আরও জানান, এসডিজি’র লক্ষ্য হিসেবে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যু প্রতি লাখে ৭০ জনে নামিয়ে আনতে হবে। বর্তমানে এ হার প্রতি লাখে ১৬৫ থেকে ১৭৯ জন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত, পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক ফারুক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা, গাইনি বিশষজ্ঞ ডা. মুক্তা সুলতানা, ডা. সাদিয়া জাহান তুবা, পৌরসভার সচিব হাসান জাকির বাপ্পী, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।