কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর পাড় দখল করে নির্মাণ করা হচ্ছিল একটি পাকা স্থাপনা। নির্মাণ সামগ্রী ফেলে রাজমিস্ত্রী লাগিয়ে শুরু করা হয়েছিল নির্মাণ কাজ। খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক গিয়ে স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছেন। কাগজপত্র দেখে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন। গত বছরও ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন সহকারী কমিশনার।
মানবাধিকার ও পরিবেশ বিষয়ক একটি সাংবাদিক সংগঠনের নেতা পরিচয়ে মো. বিল্লাল হোসেন ভূঁইয়া নামে এক ব্যক্তি ২১ ডিসেম্বর মঙ্গলবার সকালে পাগলা মসজিদের পূর্ব পাশে সরকারিভাবে নির্মিত ওয়াকওয়ের ভেতরে নরসুন্দা নদীর পাড়ে নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক সেখানে ছুটে যান। তখন বিল্লাল হোসেন জায়গাটি তার এবং এ জায়গার খারিজের ব্যাপারে আদালতের আদেশ রয়েছে বলে সহকারী কমিশনারকে জানিয়েছেন। এসময় সহকারী কমিশনার সাগুফতা হক তাকে কাগজপত্র নিয়ে অফিসে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। সহকারী কমিশনার এ প্রতিনিধিকে জানিয়েছেন, কাগজপত্র পরীক্ষা করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। আর এই বিল্লাল হোসেনকে গতবছরও অবৈধ দখলের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন।