কিশোরগঞ্জে এলজিএসপি-৩ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতকরণে ইউপি সচিবদের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ ৩০ অক্টোবর শনিবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণের গুরুত্বের ওপর আলোচনা করেন উপ-প্রকল্প পরিচালক ও উপসচিব মো. জহিরুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের কাজের যথাসময়ের ছবির বা বিলের ছবির এডিটিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিনিয়র এমআইএস বিশেষজ্ঞ মো. মোসলেহ উদ্দিনসহ তার টিম।
এলজিএসপি’র প্রশিক্ষণে অংশ নেয়া ইউপি সচিবগণ। -পূর্বকণ্ঠ
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশে এখন মাথাপিছু গড় আয় ২২শ’ মার্কিন ডলার। এক্ষেত্রে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকেও পেছনে ফেলে দিয়েছে। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত করা এবং ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এখন সরকারের অনেক উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। এক সময় খাদ্যের নিরাপত্তার জন্য চিন্তা করতে হয়েছে। আর এখন চিন্তা করা হয় উন্নত মানের পুষ্টিসমৃদ্ধ খাবার নিয়ে। অবকাঠামোগত বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও তাই। টেকসই কাজের দিকে মনযোগ দিতে হবে। এ বিষয়ে কোন ছাড় নয়। এলজিএসপির কাজের ক্ষেত্রে সঠিক চাহিদা নিরূপন ও স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও সতর্ক থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন।
বিশেষ অতিথি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির কাজের সুবিধার্থে সকল ইউপি সচিবকে ল্যাপটপ ও একটি করে স্মার্টফোন দেয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়েও এই ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে যে, এদেশে স্বচ্ছতার সঙ্গে এলজিএসপি’র কাজ হচ্ছে। কিশোরগঞ্জে এলজিএসপি’র কাজের গতি প্রত্যাশিত মাত্রা অতিক্রম করেছে। বিশ্বব্যাংকও বাংলাদেশের কাজের মডেল আফ্রিকার বিভিন্ন দেশে দিচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বলে তিনি মন্তব্য করেছেন।
সভাপতি তার বক্তৃতায় ইউপি সচিবদেরকে দক্ষতা, আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে এলজিএসপি-৩ এর প্রকল্পগুলো বাস্তবায়নে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। অংশগ্রহণমূলক প্রকৃয়াসহ এ ব্যাপারে নির্ধারিত প্রকৃয়াগুলো সঠিকভাবে অনুসরণ করার জন্যও তিনি তাগিদ দেন।