বীরমুক্তিযোদ্ধা মরহুম ফয়সুল আলমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ১৯৪৮ সালের ১২ আগস্ট কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের কাদির বেপারী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত মো. নওয়াজ মিয়া, মাতা হালিমা খাতুন। তিনি ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এর বড় ভাই। তিনি সরকারি কে.বি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে ম্যাট্রিক পাশ করেন। মূলত তার স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির হাতেখড়ি। ভৈরব হাজী আসমত কলেজ থেকে ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট পড়াকালীন তৎকালীন আওয়ামী লীগের ছাত্ররাজনীতির বিভিন্ন ছাত্র সংগঠনের অন্যতম সংগঠক হিসেবে কাযর্করী ভূমিকা পালন করেন।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত তৎকালীন আওয়ামী যুবলীগের অন্যতম আঞ্চলিক প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি একনিষ্ঠ সহচর হিসেবে ভৈরব উপজেলায় যুবলীগ প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশবিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ অধ্যয়নকালীন সূর্য সেন হলের ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৬৬ এর ছয়দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান,৭১ এর মুক্তিযোদ্ধাসহ প্রতিটি গণআন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেন।
১৯৭১এর মুক্তিযোদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নিদের্শে এগ্রিকালচারাল ডেভলাপম্যান্ট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য বুলগেরিয়ায় গমনও করেছিলেন। পরবর্তীতে ১৯৯৭ সালে রুরাল ডেভলাপম্যান্ট বিষয়ে সাকর্ভুক্ত দেশের প্রশিক্ষণের জন্য ভারতেও গমন করেছিলেন তিনি। তৎকালীন ছাত্রনেতা বতর্মান মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এবং প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এর রাজনৈতিক সহচর ছিলেন। পরবতীতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বতর্মান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এবং সেই কমিটির সহ-সভাপতি হিসেবে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করেন।
বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ ফয়সুল আলম ২০০১ সালের ২৪ অক্টোবর পরলোক গমন করেন। আজ রোববার তার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার একমাত্র সন্তান (ফাহিমা আলমের) পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।