করিমগঞ্জের গুনধর এলাকার দুই শতাধিক বছরের প্রাচীন শ্রী শ্রী কালী মন্দিরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে মূর্তি এবং মন্দিরে ব্যাপক ভাংচুর চালিয়েছে। মুর্তির গায়ের রূপার অলংকার লুট করেছে। আনুমানিক ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। চার কিশোরকে করিমগঞ্জ থানার পুলিশ গ্রেফতারও করেছে।
গুনধর বাজারের পূর্ব পাশে কদিম মাইজহাটি এলাকার ওই মন্দিরে গিয়ে জানা গেছে, এখানে কোন দুর্গা পূজা হয় না, এবারও ছিল না। কিন্তু পার্শ্ববর্তী নানশ্রী দারোগাবাড়ির ছাইদুর রহমানের ছেলে মসজিদের ইমাম মামুনুর রশিদের (২২) নেতৃত্বে শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে ১৫ মিনিট পর্যন্ত আনুমানিক ৪০-৪৫ জন কিশোর কয়েকটি রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে খালি গায়ে শ্লোগান দিতে দিতে ওই মন্দিরে তাণ্ডব চালায়। এরা সবগুলো মূতি ভাংচুর করেছে। মন্দিরের দরজা-জানালা এবং সাইনবোর্ডের ব্যাপক ক্ষতিসাধন করেছে। কিশোর দল পশ্চিম দিক থেকে এসে তাণ্ডব চালিয়ে আবার পশ্চিম দিকে চলে গেছে বলে জানিয়েছেন এলাকার সুধীর চন্দ্র সূত্রদাস।
হামলার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। মন্দিরে তিনজন পুলিশের সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
মন্দিরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র বর্মণ জানান, তিনি বাদী হয়ে ঘটনার রাতেই কমিরগঞ্জ থানায় মামলা (মামলা নং ৯) করেছেন। আর রাতেই নানশ্রী দারোগা বাড়ির ইমাম মামুনুর রশিদ (২২) এবং জয়কা এলাকার প্রতিবেশি দেলোয়ার (১৫), রিয়াজ (১৮) ও কফিল উদ্দিন (১৮) নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই গোলাম রায়হান। তবে এই একটি নাশকতা ছাড়া জেলার আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবছর জেলায় এযাবত কালের সর্বাধিক ৪০৬টি মণ্ডপে অত্যন্ত সুষ্ঠুভাবে দুর্গোৎসব উদযাপন ও বিজয়া দশমীর প্রতিমা বিজর্সন সম্পন্ন হয়েছে।