শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীর দিন জেলার ৪০৬টি মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটলো। তবে কটিয়াদীতে আতশবাজি করে আরতি দিয়ে কটিয়াদী কলেজের পুকুরে এক সঙ্গে ১৫টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদ। বিকাল থেকেই পৌর এলার ১৫টি মণ্ডপ থেকে ঢাক-ঢোল পিটিয়ে ভক্তরা ‘বলো দুর্গা মাই কি, জয়’ ধ্বনি দিতে দিতে ট্রাক আর ভ্যানে করে প্রতিমাগুলো পুকুর পাড়ে নিয়ে সারিবদ্ধভাবে রাখেন। এরপর এমপি নূর মোহাম্মদ প্রতিমার সারি পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কথা বলেন। এরপর কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমানের সভাপতিত্বে দুলাল বর্মণের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সার্কেল এএসপি সোনাহর আলী, সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম শেখ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বেণী মাধব ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. স্বপন ঘোষ প্রমুখ। আলোচনা শেষে একযোগ ১৫টি মণ্ডপের সকল প্রতিমা বিজর্সন করা হয়।