বিভিন্ন জেলায় সংঘটিত কিছু সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জে যেন কেউ উত্তেজনা সৃষ্টি করতে না পারে, এর জন্য ইমাম, আলেম ও ওলামাদের সঙ্গে জেলা প্রশাসন মতবিনিময় সভা করেছে। আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মহসীন খান, শহীদী মসজিদের খতিম মাওলানা এমদাদুল হক, পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, শোলাকিয়া ঈদগার প্যানেল ইমাম মাওলানা শোয়েব, মাওলানা মাজহারুল ইসলাম, গাইটাল শ্রীনগর জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ আমিনী প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেছেন, ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, এর জন্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, গ্রেফতারও করা হয়েছে। কাজেই এ বিষয়ে উদ্বেগের কোন কারণ নেই। তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, ইসলামের সহনশীলতা ও শান্তির ঐতিহ্য যেন কেউ ক্ষুন্ন করতে না পরে, এ ব্যাপারে যার যার অবস্থান থেকে আলেমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে জুমার নামাজের পর যেন কেউ মিছিল বা উষ্কানিমূলক কাজ করতে না পারে, সেদিকে নজর রাখার জন্যও আলেমদের মুখ্য ভূমিকা পালনের জন্য জেলা প্রশাসক আহবান জানিয়েছেন।
পুলিশ সুপার বলেছেন, কেউ অন্যের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করলে তার বিরুদ্ধে যথযাথ আইনী পদক্ষেপ নেয়া হয়। কিশোরগঞ্জে এ ধরনের দৃষ্টান্তও রয়েছে। সবার জন্যই দেশে আইন রয়েছে। সমাজের শান্তি, মানুষের জান-মাল রক্ষার ক্ষেত্রে আইন শৃংখলা বাহিনীর দায়িত্ব রয়েছে। ফলে আলেমরা যেন সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করেন, সে ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
আলেমরা বলেছেন, অনেক সময় জুমার জামাত শেষ হবার পর বাইরের কিছু লোক মুসল্লিদের সঙ্গে মিশে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা চালায়। তাদেরকে নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন আলেমগণ। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ও এনএসআই’র যুগ্ম-পরিচালক নুসরাত ইসলাম।