কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় একটি মণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে এত বছর ধরে এক সারিতে ৯টি দুর্গা প্রতিমা স্থাপন করে ‘নবদুর্গা’ নামে উদযাপিত হয়ে আসছে শারদীয় দুর্গোৎসব। এটি ছিল শহরের সবচেয়ে বড় মণ্ডপ। আর এই মণ্ডপে হিন্দু-মুসলিম নির্বিশেষে হাজারো নারী-পুরুষ ছুটে যেতেন দুর্গোৎসব উপভোগ করতে। মণ্ডপে যাওয়ার রস্তাটি অপ্রশস্ত হওয়ায় সন্ধ্যার আগে থেকেই রাস্তায় মানুষের ঠাসাঠাসি স্রোত লেগে থাকতো। কিন্তু এবার মাত্র একটি দুর্গা প্রতিমা দিয়ে উদযাপন করা হচ্ছে দুর্গোৎসব। মণ্ডপের প্রতিবেশি অধ্যাপক খোকন রায় জানিয়েছেন, মণ্ডপের মূল উদ্যোক্তা প্রদীপ কুমার সরকার কিছুদিন আগে মৃত্যুবরণ করায় এবার একটি মাত্র দুর্গা প্রতিমা স্থাপন করে দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। তবে আগামী বছর থেকে আবার নবদুর্গা তার পুরনো ঐহিত্য নিয়ে শারদীয় দুর্গোৎসবে ফিরে আসবে বলে তিনি জানিয়েছেন।