শরতের শেষ লগ্নে মহা ষষ্ঠীর মাধ্যমে আজ ২৬ আশ্বিন (১১ অক্টোবর) সোমবার থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। শেষ হবে ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) শুক্রবার বিজয়া দশমীর দিন বিসর্জনের মাধ্যমে। হিন্দু পুরোহিতদের বর্ণনামতে এবার দেবী কৈলাস ঘোটকে (ঘোড়া) চড়ে এসেছেন মায়ের বাড়িতে। ফিরবেন দোলায় চড়ে।
কিশোরগঞ্জে এবার গত বছরের তুলনায় পূজা মণ্ডপ হয়েছে ১৬টি বেশি। গত বছর হয়েছিল ৩৮৮টি মণ্ডপ। এবার হয়েছে ৪০৪টি। এর মধ্যে সার্বজনীন পূজা ৩৮৯টি, আর পারিবারিক পূজা ১৫টি। এবার সদর উপজেলায় সার্বজনীন ৫২টি, পারিবারিক ৭টি, করিমগঞ্জে সার্বজনীন ১২টি, পাকুন্দিয়ায় সার্বজনীন ১৪টি, হোসেনপুরে সার্বজনীন ১৪টি, পারিবারিক একটি, কটিয়াদীতে সার্বজনীন ৩৭টি, পারিবারিক ৭টি, বাজিতপুরে সার্বজনীন ৬৮টি, কুলিয়ারচরে সার্বজনীন ৩৩টি, ভৈরবে সার্বজনীন ১৯টি, ইটনায় সার্বজনীন ৩৫টি, মিঠামইনে সার্বজনীন ১৯টি, অষ্টগ্রামে সার্বজনীন ৪৯টি, নিকলীতে সার্বজনীন ২১টি, আর তাড়াইলে সার্বজনীন ১৬টি। করোনা পরিস্থিতির মধ্যেও প্রতিটি মণ্ডপকেই সাজানো হয়েছে অপরূপ সাজে।
স্বাস্থ্যবিধিসহ সকল সরকারী ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শ সভা করা হয়েছে। বিভিন্ন রকম প্রশাসনিক ও আইন শৃংখলা সংক্রান্ত পদক্ষেপও নেয়া হয়েছে। সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে তৈরি করা হয়েছে ৬টি ভিজিল্যান্স টিম। এসব টিম জেলার প্রতিটি উপজেলায় গিয়ে পূজার সার্বিক চিত্র পরিদর্শন করবে।