কিশোরগঞ্জে এক প্রান্তিক কৃষকের ৭০ শতাংশ আমন জমি ভুল কীটনাশকে পুড়ে গেছে। কৃষক জমিতে গিয়ে এ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে জমিতেই পড়ে যান। এরপর তাকে স্যালাইন দিয়ে সুস্থ করতে হয়েছে। সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চারিয়াকান্দি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে কাঞ্চন মিয়ার জমিতে ঘটেছে এই সর্বনাশা বিপর্যয়।
ওই এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানছুরা আক্তার জানান, পার্শ্ববর্তী মাঠের বাজার থেকে লাইসেন্সবিহীন কীটনাশক ব্যবসায়ী আলাউদ্দিনের দোকান থেকে কৃষক কাঞ্চন মিয়া কয়েকদিন আগে মাজরা পোকার জন্য কীটনাশক নেন। আলাউদ্দিনের এসব সম্পর্কে কোন ধারণা নেই। ফলে তিনি ভুল কীটনাশক দিলে জমির ধান পুড়ে গেছে। ঘটনা জানতে পেরে তিনি আরও দু’জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে ৬ অক্টোবর বুধবার জমি পরিদর্শন করে এই সর্বনাশা দৃশ্য দেখে এসেছেন। তবে কৃষক কাঞ্চন মিয়া কীটনাশকের বোতলটি সংরক্ষণ করেননি। আর ব্যবসায়ী আলাউদ্দিনও কীটনাশকের নাম বলছেন না। ফলে জানা সম্ভব হয়নি, কোন কোম্পানির কোন কীটনাশক প্রয়োগে এরকম সর্বনাশ হয়েছে। মানছুরা আক্তার জানান, দরিদ্র কৃষক কাঞ্চন মিয়া জমির চিত্র দেখে জমিতেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে স্যালাইন দিয়ে সুস্থ করতে হয়েছে। ঘটনাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলমকে অবহিত করবেন বলে তিনি এ প্রতিনিধিকে জানিয়েছেন।