জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ’ শ্লোগান নিয়ে কিশোরগঞ্জে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন করেছেন। ‘সুখি কিশোরগঞ্জ’ নামে একটি সংগঠনের আমন্ত্রণে এবং সিভিল সার্জন কার্যালয়, পৌরসভা ও জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগিতায় সোমবার (৪ অক্টোবর) তিনি কিশোরগঞ্জে এসে এসভি সরকারী বালিকা বিদ্যালয়, সরকারী বালক বিদ্যালয় এবং শহরের কয়েকটি বাসায় গিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে উদ্বুদ্ধ করেন। এসময় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এন্টমোলজি বিভাগের অধ্যাপক ড. কবিরুল ইসলাম, জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. খালেকুল ইসলাম, পৌর কাউন্সিলরগণ, এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, বাঘের বেশ ধরে দেশ-বিদেশে গ্যালারিতে বসে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দানকারী পরিচিত মুখ টাইগার শোয়েব প্রমুখ উপস্থিত ছিলেন।