কটিয়াদীতে মাদকাসক্ত ছেলে মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। ঘাতকের সহোদর বাদী হয়ে থানায় মামলা করেছেন।
কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কটিয়াদী পৌর এলাকার দড়িচড়িয়াকোনা গ্রামের টমটম চালক নিধন মিয়া (৫০) শুক্রবার রাতে কটিয়াদী থেকে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তায় বাবাকে পেয়ে মাদকাসক্ত ছেলে হৃদয় (২৫) বাবার কাছে মাদকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় হৃদয় তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই ঘাতক হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। হৃদয়ের ছোট ভাই রতন মিয়া বাদী হয়ে আজ ২ অক্টোবর শনিবার কটিয়াদী থানায় হত্যা মামলা (মামলা নং-১) দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে এসআই শফিকুল ইসলামকে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহাদাত হোসেন।