কিশোরগঞ্জের সম্ভাবনাময় পর্যটন এলাকা হাওরাঞ্চলকে দূষণমুক্ত রাখতে জেলা রোভারের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানো হয়েছে। হাওরাঞ্চলে অলসিজন সড়কসহ ব্যাপক দৃষ্টিনন্দন উন্নয়ন কাজ করার ফলে এখন বিশেষ করে বর্ষাকালে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক কিশোরগঞ্জের হাওরে আসছেন প্রকৃতির অপূর্ব নৈসর্গিক লীলাভূমি দেখতে। কিন্তু পর্যটকরা বিশালায়তনের ফসল ও মৎস্যক্ষেত্র সমৃদ্ধ উন্মুক্ত হাওরের যত্রতত্র বর্জ্য ফেলে পরিবেশের দূষণ করে মারাত্মক ক্ষতিসাধন করছেন।
ফলে জেলা রোভার কর্মকর্তা, স্কাউট কর্মকর্তা, কাব কর্মকর্তা ও রোভারের ৭০ জনের একটি দল ১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী হাওরের প্রবেশদ্বার করিমগঞ্জের বালিখলা ঘাট ও মিঠামইনের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। একদিকে কর্মকর্তাগণ মাইকে পর্যটক ও এলাকাবাসীর উদ্দেশ্যে নির্মল হাওরকে বিভিন্ন খাদ্যের উচ্ছিষ্ট ও ক্ষতিকর অপচনশীল বর্জ্য যেখানে সেখানে না ফেলা এবং প্রতিটি দোকানের সামনে একটি করে ডাস্টবিন রাখার জন্য উদ্বুদ্ধকরণ বক্তৃতা করেছেন। অন্যদিকে রোভার সদস্যগণ পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বর্জ্য সংগ্রহ করে ব্যাগে ভরে নির্দিষ্ট জায়াগায় জমা
করেছেন। পর্যটক ও এলাকাবাসী এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেছেন। উদ্বুদ্ধকরণ ও পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা রোভার সম্পাদক কামরুল আহসান, যুগ্ম-সম্পাদক সালমা হক, জেলা স্কাউট সম্পাদক আব্দুল আউয়াল মুন্না, আহসানুল মোজাক্কির এলটি, আরএসএল শহীদুল হক, আরএসএল কামরুজ্জামান, স্কাউট লিডার স্বপন সরকার, কাব লিডার জাহানারা ইসলাম, কাব লিডার হাবিবা আক্তার রিপা, কোহিনূর বেগম প্রমুখ। সকাল থেকে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষ করে তারা সন্ধ্যায় আবার জেলা শহরে ফিরে আসেন।