প্রথমবারের মত আয়োজিত কিশোরগঞ্জ জেলা দাবা লীগে চ্যাম্পিয়ন হয়েছে শহরের গাইটাল এলাকার স্টারলিট স্পোর্টিং ক্লাব। সুইচ পদ্ধতিতে অনুষ্ঠিত পাঁচ রাউন্ডের এই লীগে তারা শিরোপা নিশ্চিত করেছে।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ‘ল এন্ড ট্রাস্ট’ ফার্মের স্পন্সরশীপে বুধবার থেকে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে দাবা লীগের সূচনা করা হয়। এতে জেলার ১৫টি ক্লাবের ৯০ জন দাবারু অংশ নেন। প্রতি রাউন্ডে অংশ নেন চারজন করে দাবারু। ২০ ম্যাচে ১৮টি জয়ে শিরোপা জেতে স্টারলিট স্পোর্টিং ক্লাবের আব্দুল বাতেন বাদল, মো. মজনু, মো. মোখলেস এবং মো. কামাল উদ্দিন। প্রথম আসরেই শিরোপা জিতে আত্মবিশ্বাসী এবং উল্লসিত ক্লাবের কোচ মো. শরিফুল আলম সুজন ও ম্যানেজার সারোয়ার আলম মাসুদ। তারা দাবারুদের সার্বিক পরিচর্যার মাধ্যমে জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা ধরে রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে ১৬ ম্যাচে জয় নিয়ে রানার্স আপ হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার সুচি সংসদ। আর ১৫ ম্যাচে জয় নিয়ে তৃতীয় হয়েছে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর চেস ক্লাব।