কিশোরগঞ্জে অর্ধ শতাধিক পেশাদার গাড়ি চালককে জেলা বিআরটিএ কার্যালয়ের পক্ষ থেকে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট কর্মচারী ক্লাব মিলনায়তনে বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও বিআরটিএ’র মটরযান পরিদর্শক সাজেদুল ইসলাম নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ, প্রতিকার, ট্রাফিক চিহ্ন, সিগন্যাল ও রোড মার্কিং, সড়ক পরিবহন আইন-২০১৮, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি, নারী, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের সঙ্গে আচরণ, শিষ্টাচার ও নৈতিকতা, প্রাথমিক চিকিৎসা, গাড়ি মেরামত, রক্ষণাবেক্ষণ, শব্দ দূষণ, ধূমপান ও গাড়ি চলমান অবস্থায় চালকদের মোবাইল ফোনে কথা বলাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন, গাড়ির ফিটনেস, রুট পারমিট, ইঞ্জিন পরিবর্তন, রং পরিবর্তন ইত্যাদি সম্পর্কেও ধারণা দেয়া হয়। প্রশিক্ষণে অংশ নেয়া চালকরা যেহেতু প্রশিক্ষণের সময়টাতে গাড়ি চালানোর আয় থেকে বঞ্চিত হন, সেই কারণে বিআরটিএ’র পক্ষ থেকে তাদের জন্য এই সময়টাতে ভাতা ও খাবার সবরাহ করা হয়ে থাকে বলে জানিয়েছেন সহকারী পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার উদ্দিন।