কিশোরগঞ্জের হৃদয় (১৫) নামে এক মিশুক চালককে ৭ আগস্ট মিশুকসহ দুর্বৃত্তরা অপহরণ করে তাকে খুন করেছে। থানায় মামলা হলে আগেই মিশুকটি উদ্ধার করে চারজনকে আটক করা হয়েছে। আজ ১১ আগস্ট বুধবার হোসেনপুর সীমান্তবর্তী ময়মনসিংহের পাগলা উপজেলার একটি সেতুর কাছ থেকে হৃদয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের যুগিরখালী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে হৃদয় মিশুকসহ নিখোঁজ হওয়ার পর থানায় মামলা হলে হোসেনপুর থেকে মিশুকটি উদ্ধার করা হয় এবং যুগিরখালী ও হোসেনপুরের চার সন্দেহভাজনকে আটক করা হয়। আজ বুধবার তাদের রিামান্ড শুনানির কথা ছিল। কিন্তু একজন আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি আগামীকাল বৃহস্পতিবার হতে পারে বলে ওসি জানিয়েছেন। আটককৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে ওসি আশাবাদ ব্যক্ত করেছেন।