বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ ৮ আগস্ট রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতার ৯১তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় দুইজন অসহায় নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার ৫শ টাকা প্রদান করা হয়েছে। এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়াসহ সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ও উপজেলা প্রশাসন এ ভার্চুয়াল অনুষ্ঠান সরাসরি উপভোগের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একেএম লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মো. শারফুল ইসলাম প্রমুখ।