বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের আজ ৮ আগস্ট রোববার ৯১তম জন্মদিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে ‘বঙ্গমাতা সঙ্কটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী’ শীর্ষক জুম প্রযুক্তির আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ প্রমুখ অংশ নেন। এরপর কালেক্টরেট সম্মেলন কক্ষে মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে ৭ জন দরিদ্র নারীর মাঝে একটি করে সেলাই মেশিন ও ৬ জন নারীর মাঝে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়।