মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে গৃহহীন পরিবারগুলোকে সরকারি খাস জমিতে নির্মাণ করে দেয়া হচ্ছে একটি করে আধাপাকা ঘর। এর পাশাপাশি বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকেও সদস্যদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন জেলায় জমি ক্রয় করে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার কর্মকর্তারাও নিজস্ব অর্থায়নে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আগপাড়া এলাকায় গৃহহীন অসহায় বিধবা মিনা আক্তারকে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন।
গত ১ আগস্ট রোববার এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গৃহটির উদ্বোধন করে আনুষ্ঠানিক হস্তান্তর করেছেন। এসময় তার সঙ্গে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, সদর উপজলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হকসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিধবা মিনা আক্তারকে এখন আর অন্যের বাড়িতে আশ্রয় খুঁজতে হবে না। কাজেই একটি স্থায়ী ঠিকানা পেয়ে মিনা আক্তার বেশ খুশি এবং জেলা প্রশাসকসহ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।