এবারের করোনা মহামারির কারণে কিশোরগঞ্জে কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণ করছে প্রশাসন। যত্রতত্র পশুর হাট বসানো, হাটে ভিড় বাড়ানো এড়িয়ে চলার জন্য জনসাধারণকে আহবান জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানিয়েছেন, জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে অনলাইনে পশু বিক্রির জন্য ১৩টি অনলাইন প্লাটফরম তৈরি করা হয়েছে। তাতে ১২ হাজার ৫৭টি পশুর তথ্য আপলোড করা হয়েছে। এর মাধ্যমে পশু বিক্রিও হচ্ছে। তিনি জানান, এবার জেলায় কোরবানির পশুর চাহিদা আছে ৭৫ হাজার। আর জেলার খামারি আর কৃষকদের কাছে আছে ৮১ হাজার ৩৩৭টি পশু। কোন ঘাটতি নেই, বরং ৬ হাজার ৩৩৭টি পশু উদ্বৃত্ত আছে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় স্থায়ী পশুর হাট রয়েছে ৫০টি, আর অস্থায়ী হাট রয়েছে ৪৯টি। এর অধিকাংশই সাপ্তাহিক হাট। কিন্তু কোরবানির সময় সপ্তাহে একাধিক দিন হাট বসে। তবে বুধবার পর্যন্ত জেলায় মোট ১১৯টি পশু অনলাইনে বিক্রি হয়েছে বলে তিনি জানিয়েছেন। অবশ্য বেশি দাম পাবার আশায় কিছু পশু পাইকারদের মাধ্যমে জেলা থেকে রাজধানীতে যেতেও দেখা যাচ্ছে। এদিকে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুজিবুর রহমান বেলাল ও জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু বলেছেন, এবার করোনা মহামারির কারণে অনেকেরই আয় কমে গেছে। বিশেষ করে মধ্যম আয়ের মানুষদের অবস্থা বেশি করুণ। তারা প্রতি বছরই কয়েকজন শরিক মিলে একটি গরু কোরবানি দিতেন। কিন্তু এবার তাদের অধিকাংশই কোরবানি দিতে পারবেন না।