কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাঁঠাল ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভাঙ্গারী ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ২ জন আহত হয়েছে। গত ১৩ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলার রামদী ইউনিয়নের বাগপাড়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
বাগপাড়া গ্রামের মৃত আহম্মদ মিয়ার পুত্র ভাঙ্গারী ব্যবসায়ী মো. বাবুল (৪৫) অভিযোগ করে বলেন, একই বাড়ির মৃত আজব আলীর পুত্র মো. রইছ উদ্দিন (৬০) গংদের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত বিরুদ্ধের জের ধরে গত ১৩ জুলাই মঙ্গলবার বিকালে কাঁঠাল নিয়ে বাবুলের ভাগিনা অপূর্ব (১৬) এর সাথে প্রতিপক্ষের আব্দুস সালামের স্ত্রীর কথা কাটা কাটি হয়। সংবাদ পেয়ে আব্দুস সালাম, রইছ উদ্দিন দলবল ও দেশীয় অস্ত্রাদী নিয়ে বাবুলের বাড়িতে হামলা করে বাবুল ও তার স্ত্রী মাহমুদা (৩৫) কে মারধোর করে। পরে স্থানীয়রা গুরুতর আহত মাহমুদা ও বাবুলকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। মাহমুদার পায়ের হাঁড় ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার সত্যতা স্বীকার করে বলেন, বাবুলের সাথে জমি নিয়ে তার কোন বিরোধ নেই। কাঁঠাল নিয়ে ঝগড়া করে বাবুলের ভাগিনা অপূর্ব তার স্ত্রী, ছোট মেয়ে ও মা’কে গালাগালী ও মারধোর করার খবর পেয়ে অপূর্বকে খুঁজতে বাবুলের বাড়িতে গিয়ে ছিলাম।
এ ঘটনায় রামদী ইউনিয়নের বিট অফিসার এসআই মো. সাদ্দাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতে এ ঘটনার সংবাদ শুনে বাবুলকে বলেছি থানায় লিখিত অভিযোগ দাখিল করার জন্য। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।