বাজিতপুরে ডুবন্ত ভাগ্নেকে বাঁচাতে গিয়ে মামা-ভাগ্নে পুকুরে ডুবে মারা গেছেন। আজ ১৪ জুলাই বিকালে বাজিতপুর সদরের রাবারকান্দি এলাকায় এ মর্মন্তিক ঘটনাটি ঘটেছে। এরা হলেন রংপুর সদরের লিলু মিয়ার ছেলে সেখানকার পলিটেকনিকের ছাত্র মিলন মিয়া (২২) ও তার ভাগ্নে রংপুর সদরের জাহাঙ্গীর আলমের ছেলে বাজিতপুরের হাফেজ আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইবনে রোমান শিমুল (১৪)।
বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম ও এলাকাবাসী জানিয়েছেন, শিমুল তার ফুফা বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী রাসেলের রাবারকান্দি এলাকার বাসায় থেকে লেখাপড়া করতো। রংপুর থেকে কয়েকদিন আগে মিলন তার ভাগ্নে শিমুলকে দেখতে বাজিতপুর এসেছিলেন। আজ বিকালে মামা-ভাগ্নে রাবারকান্দি এলাকার পুকুরে গোসল করতে যান। এরা কেউই সাঁতার জানতেন না। এক পর্যায়ে ভাগ্নে শিমুল পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে মামা মিলনও তলিয়ে যান। পরে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।