ভৈরবে ৭৫ জন কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ ১০ জুলাই শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কোভিড-১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতি পালন করতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবহন শ্রমিক। কঠোর লকডাউনে বন্ধ করে দেয়া হয়েছে গণপরিবহন। আজ যেসকল মাইক্রোবাস চালক, প্রাইভেটকার চালক ও হেলপার কর্মহীন হয়ে পড়েছেন তাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরিবহন ছাড়াও ভৈরবে বিভিন্ন সংগঠনকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে। লকডাউনে যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের মধ্য থেকে হত-দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়। প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার করে সয়াবিন তেল দেয়া হয়েছে। জনস্বার্থে সরকারের এ সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।