ব্র্যাক কিশোরগঞ্জ অঞ্চলে প্রথম পর্যায়ে তাদের ১১৭ জন গ্রাহককে বিকাশ ওয়ালেটের মাধ্যমে ৬ লাখ ৩০ হাজার টাকা সঞ্চয় ফেরত দিচ্ছে।
ব্র্যাক সূত্র জানায়, গত ১ জুলাই থেকে সরকারের নির্দেশে কঠোর লকডাউন অব্যাহত থাকার কারণে ব্র্যাকের সকল অফিস বন্ধ থাকায় গ্রহকদের মধ্যে ঋণ বিতরণও বন্ধ আছে। এতে গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ায় কিছু গ্রাহক তাদের চিকিৎসা ও কৃষি কাজের জন্য পাসবইয়ে জমানো সঞ্চয় থেকে টাকা উত্তোলন করে খরচ করে থাকেন। গ্রাহকরা ব্র্যাক অফিসে ফোন করে তাদের দুঃসহ অবস্থার কথা জানালে কিশোরগঞ্জ অঞ্চলের ৩৬টি শাখার মধ্যে ২১টি শাখায় প্রাথমিক চাহিদা অনুযায়ী ৩৯ জনের ১০ হাজার টাকা করে ৩ লাখ ৯০ হাজার টাকা, ২৮ জনের ৫ হাজার টাকা করে ১ লাখ ৪০ হাজার টাকা, ৫০ জনের ২ হাজার টাকা করে ১ লাখ টাকাসহ মোট ১১৭ জনকে ৬ লাখ ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে ব্র্যাক প্রধান কার্যালয় থেকে প্রদান করা শুরু হয়েছে। এ ব্যাপারে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফিন্যান্স) মো. আব্দুল মতিন খান জানান, ব্র্যাক করোনাকালীন মহামারির সময়ে তার সদস্যদের পাশে আছে, থাকবে। লকডাউন যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে ব্র্যাক বিকাশের মাধ্যমে টাকা প্রদান অব্যাহত রাখবে।