নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানার অগ্নিকাণ্ডে কিশোরগঞ্জের বেশ কিছু শ্রমিক মারা গেছেন। একটি লাশ আসলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। করিমগঞ্জের জয়কা ইউনিয়নের কদমতলি গ্রামের একজন নারী শ্রমিক লাফিয়ে পড়ে মারা গেছেন। তার লাশ বাড়িতে আনা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন। তার ইউনিয়নের পলিটেকটিক থেকে পাস করা একটি ছেলে ওই কারখানায় কোয়ালিটি কন্ট্রোলের কাজ করতেন। তিনিসহ আরও বেশ কয়েকজন মারা গেছেন বলে চেয়ারম্যান খবর পেয়েছেন।
এছাড়া সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামের মুক্তিযোদ্ধা নূরুল হক জানিয়েছেন, তার গ্রাম, পার্শ্ববর্তী কালিয়ারকান্দা, দক্ষিণ নানশ্রী, বলাকিপুর, নয়াপাড়া, কদমতলি এবং শিমুলতলা গ্রামের অন্তত ৭০ জন নারী ও পুরুষ শ্রমিক ওই কারখানায় কাজ করতেন। তাদের মধ্যে গাগলাইল গ্রামের মঞ্জিল মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩৮) ও মেয়ে কলেজ ছাত্রী চম্পা (১৮) অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন। চম্পা লাফিয়ে প্রাণে বাঁচলেও মা মিনা আক্তার কারখানায় আটকা পড়েন। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। মঞ্জিল মিয়া পরিবার নিয়ে গাউছিয়া এলাকায় বাস করেন এবং মেয়ে চম্পা কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ছাত্রী। করোনার কারণে চম্পা পরিবারের সঙ্গে চলে যান এবং ওই কারখানায় কাজ নেন। এছাড়া কালিয়ারকান্দা গ্রামের চান মিয়ার ছেলে নাজমুলও (১৮) অগ্নিকাণ্ডে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন বলে নূরুল হক জানিয়েছেন। এরকম নিখোঁজ আরও অনেকের স্বজনরা লাশের খোঁজে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে গেছেন বলে তিনি জানিয়েছেন। দীর্ঘ সময় পুড়ে গিয়ে চেহারা অঙ্গারের মত বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্তের কাজ চলছে বলে স্বজনদের অপেক্ষা করতে হচ্ছে।