ছুটির দিনেও থেমে নেই ভৈরবে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আজ ৯ জুলাই শুক্রবার সরকারি ছুটির দিন থাকলেও সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে বিরামহীন কাজ করেছ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। ভৈরবের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদলতে অভিযান পরিচালনা করে ৪০ জনকে ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। এসময় সহযোগীতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, সরকার ঘোষিত লকডাউনে আজ নবম দিনেও সারাদেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা আজ ২১২ জন। দিন দিন যেন মৃত্যুর এ মিছিল বেড়েই চলেছে। ভৈরবে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনা মোতাবেক মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘুরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৪০ জন ব্যক্তিকে ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ করে কোভিড-১৯ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতেও অনুরোধ জানান তিনি।
