কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ এবং সন্দেহজনক আরও ৭ ব্যক্তি মারা গেছেন। এদের মধ্যে ৫ জন মারা গেছেন করোনা পজিটিভ হয়ে, আর দু’জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১০৩ জন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে সিভিল সার্জনের জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় জেলায় ৪ জনের মৃত্যুর খবর দেয়ার পর সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন এই ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এদের মধ্যে ময়মনসিংহের গফরগাঁও এলাকার মারা যাওয়া হোসেন মিয়ার (৬০) ছেলে ইউসুফ জানিয়েছেন, তার বাবা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে গত সোমবার ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। মঙ্গলবার বিকাল ৬টার দিকে তিনি মারা গেছেন। চিকিৎসকের পরামর্শে রোগীর ৬ রকমের বিভিন্ন পরীক্ষা করানো হলেও করোনার কোন পরীক্ষা করানো হয়নি। যে কারণে তার মৃত্যুকে সন্দেজনক মৃত্যু বলে ধরে নেয়া হচ্ছে।
অন্যদিকে জেলা সদরের গাইটাল এলাকার আমিনুর রহমান (৬৫) মঙ্গলবার দুপুর ১টার হাসপাতালে মারা গেছেন। তার ছেলে হাসানুর রহমান জানিয়েছেন, তার বাবা ২০০৮ সালে এবং ২০১৬ সালে দু’বার স্ট্রোক করার পর দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। সম্প্রতি তার করোনা শনাক্ত হলে হাসপাতালে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার মারা গেছেন। ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর করিমগঞ্জের আবু তাহের (৬৮) মঙ্গলবার দুপুরে সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। তার ছেলে সোহেল জানান, তার বাবার আগে থেকেই হৃদরোগ, কিডনীর সমস্যা এবং ফুসফুসে পানি জমেছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা গেছেন।
করিমগঞ্জের ইয়াকুব আলী (৭৮) মঙ্গলবার রাত ১২টার দিকে উপসর্গ নিয়ে সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। তার ছেলে খায়রুল বাশার জানান, তার বাবার হৃদরোগ ছিল, সর্দি-কাশি ছিল। তবে কোন শ্বাসকষ্ট ছিল না। জটিল অবস্থায় তাকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তিনি মারা যান। যে কারণে তার করোনা পরীক্ষার সময় পাওয়া যায়নি। সেই কারণে তার মৃত্যুকে সন্দেহজনক বলা হচ্ছে। হাসপাতালে তার বয়স ৭৮ লেখা হলেও প্রকৃত বয়স ৯০ হবে বলে ছেলে জানিয়েছেন।
এছাড়া ৫ দিন করোনায় চিকিৎসাধীন থাকার পর হোসেনপুরের নূরুল ইসলামও (৫৫) মঙ্গলবার মারা গেছেন। দু’দিন করোনায় চিকিৎসাধীন থাকার পর করিমগঞ্জের হাফিজ উদ্দিন (৮৫) নামে এক ব্যক্তিও মঙ্গলবার মারা গেছেন। আর করিমগঞ্জের নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি করোনায় একদিন চিকিৎসাধীন থাকার মঙ্গলবার মারা গেছেন বলে জানা গেছে।
এদিকে সৈয়দ নজরুল হাসপাতালের সহকারী পরিচালন ডা. অনুপম ভট্টাচার্যকে এই ৭ জনের মৃত্যু নিয়ে প্রশ্ন করলে বলেন, প্রতিদিন রাতে সিভিল সার্জনের মাধ্যমে জেলার মৃত্যুসহ করোনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়। ফলে সর্বশেষ মৃত্যুর তথ্যও সিভিল সার্জনের মাধ্যমে পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।