• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
  • English Version

একই ভেন্যুতে দু’পক্ষের সংবাদ সম্মেলন বন্ধুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে হুমকিতে কলেজ শিক্ষিকা

একই ভেন্যুতে দু’পক্ষের সংবাদ সম্মেলন
বন্ধুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা
করে হুমকিতে কলেজ শিক্ষিকা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে এক কলেজ শিক্ষিকা প্রাক্তন বন্ধুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করায় এখন তাকে অনবরত হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সংম্মেলনে অভিযোগ করেছেন। আজ ২৯ জুন মঙ্গলবার দুপুরের আগে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তার সংবাদ সম্মেলনের পর দুপুরে একই স্থানে অভিযুক্ত শুভ আল মাহমুদও পাল্টা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা ধর্ষণ চেষ্টা ও হুমকির অভিাযোগ অস্বীকার করেছেন।
প্রথম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বী ওই শিক্ষিকা বলেন, তার স্বামী কানাডায় থাকেন। তাদের একটি মেয়ে রয়েছে। স্বামীর সঙ্গে কিছু বিষয় নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। বছরখানেক আগে এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা শুভ আল মাহমুদের (৪০) সাহায্য চান। এক পর্যায়ে শুভ আল মাহমুদের সঙ্গে তার বন্ধত্ব তৈরি হয়। কিন্তু তার বিপদের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাকে শুভ আল মাহমুদ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে সংবাদ সম্মেলনে জানান। লোকলজ্জার ভয়ে এ বিষয়ে আইনের আশ্রয় নেয়া হয়নি। কিন্তু উৎপাত মাত্রা ছাড়িয়ে গেলে তিনি গত ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন। এতে শুভ আল মাহমুদ ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হয়রানি ও হেনস্তা করতে থাকেন। গত ২৬ জুন রাত আটটার দিকে শুভ আল মাহমুদ কয়েকজন সহযোগী নিয়ে শহরের নগুয়া থেকে শিক্ষিকাকে অপহরণ করে সিএনজিতে উঠিয়ে খরমপট্টির একটি নির্জন বাসায় নিয়ে যান। সেখানে শুভ আল মাহমুদ তাকে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন চলে আসেন। তখন শুভ আল মাহমুদ পালিয়ে যান। এ ঘটনার পরদিন শিক্ষিকা বাদী হয়ে শুভ আল মাহমুদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এ একটি মামলা করেন। মামলার পর শুভ আল মাহমুদ তার সহযোগীদের নিয়ে আবার তাকে হত্যাসহ নানা রকম হুমকি দিয়ে যাচ্ছেন। মামলা করে এখন তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা দাবি করেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বিচারক কিরণ শংকর হালদার মামলাটি ডিবি পুলিশকে তদন্ত করে ১৯ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।
এদিকে অভিযুক্ত শুভ আল মাহমুদ পাল্টা সংবাদ সম্মেলনে দাবি করেন, প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে তিনি ওই শিক্ষিকা ও তার এক বান্ধবীকে তিনি মোটা অঙ্কের টাকা ঋণও দিয়েছেন। এখন একটি চক্রের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে এ ধরণের মিথ্যা ও কল্পিত অভিযোগে তার বিরুদ্ধে ট্রাইবুনালে মামলা করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আদালতে এ ধরণের একটি মামলা হওয়ার কথা তারা শুনেছেন। তবে এখনও মামলার কাগজপত্র পাননি। আদালত থেকে আদেশের কাগজ পেলে তদন্তে নামবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *