কিশোরগঞ্জে জুম প্রযুক্তিতে এলজিএসপি-৩ (লোকাল গভার্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩)-এর আওতায় বাস্তবায়িত ও চলমান প্রকল্পসমূহ পরিবীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে জুম প্রযুক্তিতে জেলা সমন্বয় কমিটির সভা হয়েছে। আজ ২৯ জুন মঙ্গলবার বেলা ১১টায় জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ও স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, এলজিএসপি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ফরহাদ হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও বেসরকারি সংস্থা পপি’র জেলা সমন্বয়ক মু. ফরিদুল আলম।
জেলা প্রশাসক বলেছেন, প্রত্যেক দেশ যার যার সংবিধান অনুযায়ী চলে। বহু দেশ ফেডারেল রাষ্ট্র। সেসব দেশে অনেকগুলো প্রদেশ বা রাজ্য থাকে। একটি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক বা রাজ্য সরকার কাজ করে। কিন্তু আমাদের দেশ এরকম কোন ফেডারেল রাষ্ট্র নয়। এর একটি কেন্দ্রীয় সরকারের বাইরে কয়েক স্তরের স্থানীয় সরকার রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী স্থানীয় সরকার। এখানে স্থানীয় অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ প্রকল্প নিতেই এলজিএসপি কাজ করছে। আর এসব প্রকল্প চেয়ারম্যান-মেম্বারদের পরিবার বা আত্মীয়দের সুবিধার জন্য নয়। সংখ্যাগরিষ্ঠ জনগণের উপকারে আসে কি না, সেটাই গুরুত্ব সহকারে দেখতে হবে। কাজ যেন নিম্নমানের না হয়। অনিয়ম প্রমাণ হলে কঠোর ব্যবস্থার বিধানও রয়েছে। প্রকল্পের বিবরণ দিয়ে প্রকল্প এলাকায় সাইনবোর্ড টানাতে হবে, যেন যে কেউ সাইনবোর্ড দেখে কাজের মান বুঝতে পারে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান চলমান করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এ ব্যাপারেও সবাইকে ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন। করোনার বিস্তার রোধে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান বলেছেন, জেলার ১০৮টি ইউনিয়নে এলজিএসপি-৩ এর প্রকল্প চলমান রয়েছে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্প চলমান থাকবে। তিনি বলেন, প্রতিটি প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। কাজ ভাল না হলে বিল পরিশোধ করা হবে না। কাজেই নিম্নমানের কাজ করার কোন সুযোগ নেই। সভায় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যগণ সংযুক্ত ছিলেন।