কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের ঐচ্ছিক তহবিল থেকে ৫৫ জন হতদরিদ্র পরিবারকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। আজ ২৭ জুন রোববার ভৈরব উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব ও মাননীয় সংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপনের প্রতিনিধি সাখাওয়াত উল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান সুজানসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন একজন উদার ব্যক্তি। তিনি ইচ্ছে করলে এই ঐচ্ছিক টাকা তার আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তেমন কাউকে না দিয়ে ভৈরব উপজেলার হতদরিদ্র ৫৫ জনের প্রত্যেকের মাঝে ৫ হাজার টাকা করে বিতরণ করেছেন। এই বরাদ্ধ অব্যাহত থাকবে বলে জানান তিনি।