ভৈরব পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতার হোসেন বেনু’র পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ২৩ জুন বুধবার সন্ধ্যা ৬টায় পৌরসভার মেয়র অফিস কক্ষে পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। এ সময় হাজী আসমত কলেজ জাতীয়করণের অনুমোদিত হওয়ায় পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতার হোসেন বেনু তার বক্তব্যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করেন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে তথা ভৈরবের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পৌরসভার সকলকে আহ্বান জানান। এ সময় তিঁনি বলেন, আজ তিঁনি অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বাসিত। কারণ আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই সাথে ভৈরবের মানুষের জন্য একটি খুশির সংবাদ ৭৪ বছর পর হাজী আসমত কলেজ জাতীয়করণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এঁর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিঁনি আরো বলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের প্রচেষ্টায় হাজী আসমত কলেজ জাতীয়করণ হয়েছে। তিঁনি ভৈরবের জন্য কাজ করতে সর্বদা আন্তরিক রয়েছেন। তাঁর কাছে কোন কাজ নিয়ে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না।