ভৈরবে ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ মো. জুরু মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
২৪ মে সোমবার সকালে ভৈরব দুর্জয় মোড়ে নূরানী মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপ ভ্যানসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জুরু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার জাংগাল গ্রামের মৃত জিলন মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ২৪ মে সোমবার সকাল ৮টার দিকে ভৈরব দুর্জয় মোড়ে নূরানী মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করলে তাতে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজা ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ী মো. জুরু মিয়া’কে আটক করা হয়। আটক করা গাঁজার চালানটি ঢাকার এক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য সে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে র্যাবের কাছে।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. জুরু মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব।