ভৈরবে তিন দিনব্যাপী ই-নথি, ওয়েব পোর্টাল, অফিস নথি ব্যবস্থাপনা ও সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৪ মে সোমবার সকাল ১০টায় ৩০টি দপ্তরের ৫০ জন কর্মকর্তা কর্মচারীর অংশ গ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা সহযোগীতায় এই কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, জাইকার প্রতিনিধি দুর্গা রানী সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার মোহাম্মদ মুহিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল আজিজ প্রমুখ।
উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশের উন্ননের ধারা ও বাংলাদেশের সরকারি অফিস ব্যবস্থাপনা আরো গতিশীল করতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। দেশে ডিজিটাল হচ্ছে এক জায়গার সরকারি কর্মকর্তা অন্য জায়গার কর্মকর্তার সাথে সহজে ওয়েব পোর্টালের মাধ্যমে মোবাইল নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ কয়েক মিনিটের মধ্যে সম্ভব হচ্ছে। আমাদের সরকারি কর্মকর্তাদের কাজে গতি ত্বরান্বিত করতে এই প্রশিক্ষণ সুফল বয়ে আনবে।