শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটি না বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের হল ও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠনের নিয়মিত একাডেমিক কার্যক্রম চালু করার দাবিতে ভৈরবে মানববন্ধন হয়েছে। আজ ২৪ মে সোমবার দুপুরে ভৈরবের দুর্জয় মোড়ে ভৈরবস্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে স্বাস্থ্যবিধী মেনে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, করোনা মহামারিতে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, শপিংমল, গণপরিবহনসহ শিক্ষার্থীদের কথা চিন্তা করে সকল শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু একের পর এক দুই লক ডাউন গেলো। অন্যান্য প্রতিষ্ঠান, গণপরিবহন, শপিংমল খুলে দেওয়া হলেও, খোলা হচ্ছে না কেবল শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে পিছিয়ে পরছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।
তারা আরও বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি ঘোষণা দিয়েছিলেন ১৭ মে সকল হল এবং ২৪ মে সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। কিন্তু একের পর এক তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে ক্রমশই।
এ সময় তারা দাবি করেন, শিক্ষার্থীদের ভ্যাক্সিন নিশ্চিত করে অথবা ভ্যাক্সিন এখন সবাইকে প্রদান না করতে পারলেও স্বাস্থ্য বিধি মেনে যেন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হউক। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা অবশ্যই স্কুলের বাচ্চাদের থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার দিক দিয়ে সতর্ক থাকবে। পরে তারা রাস্তায় বসে একটি প্রতীকী ক্লাস করে কর্মসূচির সমাপ্তি টানেন।