করোনা মহামারির কারণে কিশোরগঞ্জের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বেতনভাতা বঞ্চিত ৫০ জন শিক্ষককে প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে সাড়ে ১২ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে। আজ ২৪ মে সোমবার সকালে জেলা সদরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম একেকজন শিক্ষকের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাছুম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এবারের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার দেশের ৩৫ লাখ পরিবারকে মোবাইলের মাধ্যমে আড়াই হাজার করে টাকা পাঠিয়েছে। শিল্পীসহ অন্যান্য পেশার মানুষদেরও সহায়তা দেয়া হয়েছে। জেলার এক লাখ ৪ হাজার পরিবারকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নকে অনুদানের জন্য আড়াই লাখ টাকা করে দেয়া হয়েছে। এর পরও কেউ খাবার সমস্যায় থাকলে ‘৩৩৩’ নম্বরে ফোন করলে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। আর এই করোনা পরিস্থিতির মধ্যেও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল সভা এবং প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। এগুলিই ডিজিটাল বাংলাদেশের সুফল। এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধির হার বেশি। বাংলাদেশ এখন অনেক দেশের কাছেই রোল মডেল।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, পাশের দেশ ভারতে নতুন ধরনের করোনা সংক্রমণ চলছে। মৃত্যুহার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ভারত থেকে বাংলাদেশে আসা বেশ কিছু মানুষের শরীরে সেই ভাইরাস ধরা পড়েছে। এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে, করোনার তৃতীয় ঢেউ শুরু হলে মোকাবেলা করা অনেক কঠিন হবে। কাজেই সবাইকে সচেতন হতে হবে বলে তিনি সতর্ক করে দেন। সেই সঙ্গে বলেন, করোনায় কেবল উচ্চবিত্তরা মারা যান, এমন ধারণা ভুল। এরকম কয়েকজন মারা গেলেই মিডিয়ায় ফলাও করে প্রকাশ পায়। এর বাইরে আরও বহু মানুষ মারা যাচ্ছেন, যাদের নাম মিডিয়ায় আসে না। এরাই সাধারণ মানুষ। কাজেই করোনাকে অবহেলা করার কোন সুযোগ নেই।