# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় টুকু মিয়ার বাড়ির মো. হানিফ মিয়া (৩৪) নামে এক যুবককে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৩ মে বুধবার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর আনন্দ বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পরদিন বৃহস্পতিবার সকালে হত্যাকারীদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে ওই বাড়ির বেশ কয়েকটি ঘরসহ একটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। হত্যার অভিযোগে বৃহস্পতিবার সকালে ৩ নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করে বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ। তবে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মাদক কারবারি জাকির হোসেন (৪০) সহ আরো ৪ জন এখনও পলাতক রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের কেউ গ্রেপ্তার হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হানিফ মিয়া আনন্দ বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় সমিল শ্রমিক ও কাঠ ব্যবসায়ী ছিলেন। গত ১৩ মে বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লস্কর মিয়ার ছেলে জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত আনুমানিক পৌনে ১টার দিকে হানিফ তাঁর স্ত্রী আয়েশার মোবাইল ফোনে কল করে তাঁর প্রাণ বাঁচানোর আকুতি জানিয়ে বলেন, “আমাকে বাঁচাও, জাকির হোসেনরা আমাকে মেরে ফেলবে।”
পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তদের বাড়ির গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে গত ১৪ মে বৃহস্পতিবার সকালে লস্কর মিয়ার বাড়ির অদূরে ব্রহ্মপুত্র নদসংলগ্ন জনৈক জসিম উদ্দিন এর একটি পতিত ধানক্ষেত থেকে হানিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে ৩০২/২০১/৩৪ পেনাল কোড ধারায় কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং- ৭। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। মামলা রুজু হওয়ার আগেই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর গ্রামের মৃত ছবর আলীর ছেলে লস্কর মিয়া (৬০), মৃত হোসেন বেপারীর ছেলে আয়েতউল্লাহ (৩৩), লস্কর মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৫৭), জাকির হোসেন স্ত্রী খুকি বেগম (৩৫) ও রাসেল মিয়ার স্ত্রী নাদিয়া আক্তার (২৩) কে আটক করে। ওইদিন বিকালে মামলা রুজু হওয়ার পর তাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে গ্রেপ্তারকৃত ৫ আসামিকে কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০২ -এ প্রেরণ করা হয়। এসময় ছাবিহা নামে ১৬ মাসের এক কন্যা শিশুকেও আসামি মা খুকি বেগমের সাথে জেল হাজতে যেতে হয়েছে।
পুলিশ কর্তৃক আদালতে দেওয়া প্রতিবেদনে জানায়, জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
মামলার প্রধান আসামি জাকির হোসেন (৪০) এলাকায় একজন পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচত। তাঁর নামে বিভিন্ন থানায় মাদকসহ ১৬টি মামলা রয়েছে। এলাকার যুবসমাজ তাঁর মাদক ক্রয়-বিক্রয়ে বাধা প্রদান করে আসছিল। যুব সমাজের সাথে হানিফ মিয়াও সম্পৃক্ত ছিল। কিছু দিন পূর্বে জাকির হোসেন মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পুলিশের হাতে মাদক কারবারি জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়ে হানিফ মিয়া পুলিশকে সহযোগিতা করেছে বলে সন্দেহ করে। জাকির হোসেন জেল থেকে জামিন পেয়ে বাড়ি এসে হানিফ মিয়াকে খুন করে ফেলবে বলে প্রকাশ্যে বলাবলি করে আসছিলো। অপর দিকে হানিফ মিয়াও এক সময় মাদক কারবারের সাথে জড়িত ছিল। তাঁর নামেও মাদকসহ ৪টি মামলা রয়েছে। স্থানীয়দের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। থানা থেকে প্রিজন ভ্যানে গ্রেপ্তারকৃত মা নাদিয়া আক্তারের বিদায় দেওয়াকালে ৫ বছরের শিশু রাফসান ও ৪ বছরের রাফির হৃদয় বিদারক কান্নায় ভারি হয়ে উঠে থানা এলাকা। কোন মতেই তিন শিশুর কান্না থামাতে পারছিলেন না আত্মীয় স্বজনরা। শিশুদের কান্না দেখে উপস্থিত পুলিশ সদস্যসহ সকলের চোখেও পানি এসে যায়।
এ হত্যাকাণ্ডে পিতা-মাতার জন্য খেসারত দিতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। মাদকের কারণে আজ কয়েকটি পরিবারসহ পরিবারের নিষ্পাপ শিশুগুলোর জীবন পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজের সর্বস্তরের মানুষের উচিৎ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।