নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। আগামী ১৯ মে মঙ্গলবার সকালে ভৈরব উপজেলার ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত। ৩ দিন ব্যাপী এ মেলায় ৫টি বুথের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভূমি সেবা গ্রহিতাদের ভূমি সেবা প্রদান করা হবে। মেলায় ভৈরব উপজেলার ভূমির মালিকগণ এখান থেকে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। ঢাকায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টেরের মাধ্যমে সম্প্রচার করা হবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ।
জানা যায়, সময়মতো ভূমি উন্নয়ন কর ও ই-নামজারী করাটাই শ্রেয়। তাই বছরের হিসাব চুকিয়ে দিতে এবং আইনি জটিলতা এড়াতে এই সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করা বাঞ্ছনীয়। অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে সশরীরে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না, যা সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করছে। ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই ডিজিটাল রূপান্তরের ফলে ভূমি কর আদায়ে স্বচ্ছতা আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।
মেলার আয়োজক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, ভূমি সেবা সপ্তাহ একটি চলমান প্রক্রিয়া। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভৈরব ভূমি অফিসে এসে যেকোন ব্যক্তি এই মেলায় ভূমি সেবা গ্রহণ করতে পারবে। ভূমি সেবার মধ্যে রয়েছে জমির বকেয়া ও চলতি অর্থ বছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করা যাবে, ই-নামজারি ও জমা খারিজের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা যাবে এবং খতিয়ান বা রেকর্ডে নামের বানান ভুল থাকলে তা সংশোধন করে দেয়া হবে। এছাড়া ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।