# সাখাওয়াত হোসেন হৃদয় :-
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পাকুন্দিয়া উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
আজ সোমবার সকাল সোয়া ৯টায় পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের অর্ধ-শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ বিভিন্ন দফতরে স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ফারিয়া’র পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মো.হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাদবার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম ও পুলেরঘাট শাখার সভাপতি মো. শামসুল আলম প্রমুখ।
চিকিৎসকদের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেওয়া, অহেতুক হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয় মানববন্ধনে। এছাড়াও সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীদের হেনস্তা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।