মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে স্ট্যাটাস ও ম্যাসেঞ্জারে হুমকি দেয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টানা দুইদিনের সংঘর্ষের পর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় প্রায় শতাধিক টেঁটাসহ ৩টি বাড়ি থেকে লুট হওয়া গৃহস্থলীতে ব্যবহার করা আসবাবপত্র উদ্ধার করা হয়। ৮ মে শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলাইমানপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব টেঁটাসহ লুট হওয়ার আসবাবপত্র উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।
গ্রেপ্তারকৃতরা হলো, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলাইমানপুর এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৪) ও একই এলাকার আক্কাস উদ্দিন ভুঁইয়ার ছেলে মহরম আলী (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে স্ট্যাটাস ও ম্যাসেঞ্জারে হুমকি ধামকিকে কেন্দ্র করে টানা দুইদিন শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলাইমানপুর এলাকার একই বংশের মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। মধু মুন্সির বাড়ির একটি পক্ষ মাসুম মিয়া ও আরেকটি পক্ষ ফরহাদ মিয়া। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ৭ মে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়। পরদিন ৮ মে ম্যাসেঞ্জারে হুমকি দিয়ে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে ১০ জন আহত হয়। এই ঘটনার জের ধরে ৮ মে দিবাগত রাতের আধারে ফরহাদ মিয়ার পক্ষ মাসুম মিয়ার পক্ষের নাসির উদ্দিনের বাড়ি, জামাল মিয়া ও দুলাল মিয়ার বাড়ি লুটপাট ও ভাঙচুর করে। খবর পেয়ে রাতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ফেসবুক ও ম্যাসেঞ্জারের হুমকি ধামকির তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে টানা দুইদিন যাবত একই বংশের দুইপক্ষের সংঘর্ষ হয়। দীর্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ ছিল। ৮ এপ্রিল সকালে সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে ফরহাদ মিয়ার পক্ষ মাসুম মিয়ার পক্ষের তিনটি বাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়ে লুটপাট করে। রাতেই আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে নাঈম ও মহরম নামে দুইজনকে গ্রেপ্তার করি। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া আসবাবপত্রসহ প্রায় শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।