মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে স্ট্যাটাসের পর এবার ম্যাসেঞ্জারে হুমকি দিয়ে ফের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। ৮ মে শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলাইমানপুর এলাকার একই বংশের মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ৭ মে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির দ্বন্দ্ব চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই বংশের মধ্যে বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দুই বংশ ধানের শীষে ভোট দেন। নির্বাচনের কিছুদিন পর মধু মুন্সি বাড়ির ফরহাদ মিয়া নামে এক যুবক ফেসবুকে পক্ষপাতিত্ব নিয়ে স্ট্যাটাস দেন। এ বিষয় নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদী আরবে দিল মোহাম্মদের বাড়ির আনোয়ার এর সাথে মধু মুন্সি বাড়ির ফরহাদের ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে ফরহাদ দেশে আসলে একই ঘটনা নিয়ে ৭ মে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
এদিকে ৭ মে রাতে দিল মোহাম্মদের বাড়ি সৌদী প্রবাসী আরিফ মিয়া মধু মুন্সি বাড়ির রহিম মিয়ার ম্যাসেঞ্জারে হুমকি দেয়। ৮ মে শুক্রবার সকালে দিল মোহাম্মদের বাড়ির লোকজন মধু মুন্সি বংশের লোকজনের উপর হামলা করে। দিল মোহাম্মদের বাড়ির সাথে যোগ দেন ভবানীপুরের নামা পাড়া এলাকার বুদুর গোষ্ঠীর লোকজন। এতে করে সংঘর্ষটি ব্যাপক আকার ধারণ করে। ঘণ্টাব্যাপী চলা টেঁটা ও ইটপাটকেল ছুড়া যুদ্ধে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আব্দুর রহিম (২২), গোলাপ মিয়া (৪০), জনি (২৪), মোমেন মিয়া (২৭), রিমন মিয়া (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সোলাইমানপুর এলাকার মেম্বার মেরাজ মিয়া বলেন, মধু মুন্সির বাড়ির একটি পক্ষ মাসুম মিয়া ও আরেকটি পক্ষ ফরহাদ মিয়া। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মধু মুন্সির বংশের ফরহাদ মিয়ার একটি অংশ আমার কথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়েছে। এতে দিল মোহাম্মদের বাড়ির আওয়ামী লীগ নেতা মাসুম মিয়াসহ তার লোকজন ফরহাদ মিয়াসহ তাদের বংশের মানুষদের দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে মাসুম মিয়াসহ কয়েকজন ফরহাদ এর বাড়ির মানুষের উপর হামলা করে। একই বংশের দ্বন্দ্বে নামা পাড়ার লোকজন বাদশা মিয়ার নেতৃত্বে মধু মুন্সি বংশের লোকজনের উপর হামলা করে। এর আগেও নামা পাড়ার বুদুর গোষ্ঠীর লোকজন মধু মুন্সি বংশের একজনকে হত্যা করেছিল।
এ বিষয়ে নামা পাড়া বাদশা মিয়া বলেন, দিল মোহাম্মদের বাড়ির সাথে আমাদের দ্বন্দ্ব ছিল। আমরা বিষয়টি মিটমাট করে একসাথে চলাফেরা করছি। দিল মোহাম্মদ মিয়ার বাড়ির মাসুমসহ একটি অংশ আমাদের সাথে চলাফেরা করার কারণে মেরাজ মেম্বার ও মধু মুন্সি বংশের লোকজনের সমস্যা হয়। মাসুম মিয়ারা তাদের বংশের আরেকটি অংশের সাথে ঝগড়া লাগার পর আমাদের নামা পড়ার কয়েকজন যুবক মাসুমদের পক্ষ নেন।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক তদন্ত লিমন বোস বলেন, মারামারির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। একই বংশের মাসুদ মিয়া গ্রুপের সাথে ফরহাদ মিয়া গ্রুপের সংঘর্ষ হয়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভৈরব থানা পুলিশের পক্ষ থেকে নজরদারী জোরদার করা হয়েছে।