নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংগঠনের একাংশ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ ৭ মে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পূর্বের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউরকে নতুন কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ করা হয়। এসময় শহরে ব্যাপক যানজট তৈরি হয়।
গত ২ মে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব পাঁচ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করেছেন। এতে সভাপতি হয়েছেন শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক হয়েছেন রাফিউল ইসলাম নওশাদ। এর আগে গতবছর ১৫ মে কেন্দ্র থেকে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ৪ জুন সেই কমিটি অজ্ঞাত কারণে বিলুপ্ত করা হয়েছিল।
নতুন কমিটিকে পরবর্তী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির বিরুদ্ধে ছাত্রদলের একাংশ লাগাতার আন্দোলন করে যাচ্ছে। এর আগে সোমবারও বিক্ষোভ মিছিল করে সমাবেশ থেকে নতুন কমিটির জন্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে দায়ী করে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।
বৃহস্পতিবার জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে রেদোয়ান রহমান ওয়াকিউরের বিক্ষুব্ধ সমর্থকরা মিছিল করে গৌরাঙ্গবাজার মোড়ে এসে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। এসময় বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবীর অমি, সবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আয়াসিন আরাফাত রাতুল, সরকারি গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়াদ আজিজ, যুগ্ম-আহবায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক পাভেল হাসান, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলভি প্রমুখ। বক্তাগণ ‘বিতর্কিত’ ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি করার জন্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম সিন্ডিকেটকে দায়ী করে নতুন কমিটি বাতিলপূর্বক রেদোয়ান রহমান ওয়াকিউরকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। অন্যথায় নতুন কমিটিকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এদিকে নতুন কমিটির নেতৃবৃন্দও মঙ্গলবার রাতে শরীফুল আলমকে অবাঞ্ছিত ঘোষণার প্রাতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিল। নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কিশোরগঞ্জের রাজনীতির জন্য একটা আশির্বাদ। তাঁর নেতৃত্বে এখানে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছে। তিনি কারা নির্যাতনও ভোগ করেছেন। ফলে তাকে কটাক্ষ করা সংগঠনের শৃংখলা পরিপন্থী কাজ। নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এখানে কোন ষড়যন্ত্রের বিষয় নেই। নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব ও সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।