মোস্তফা কামাল :-
কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের করিমগঞ্জের চামড়া নৌ বন্দরের ফেরির পন্টুনের রাস্তা ডুবে গেছে। ধান বোঝাই ট্রাক-ট্রাক্টর থেকে শুরু করে ছোট-বড় সকল যানবাহনকে প্রায় দুই ফুট পানি মাড়িয়ে ওঠা-নামা করতে হচ্ছে ফেরিতে। কিন্তু হাওরের বোরো ধান পরিবহনের কারণে এই অবস্থায় ফেরি সার্ভিস বন্ধও করা যাচ্ছে না। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আবার কর্তৃপক্ষের কাছে আপাতত কোন সমাধানও নেই বলে জানিয়েছেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল। রোববার চামড়া নৌ বন্দরে গিয়ে এই নাজুক দৃশ্য দেখা গেছে।
শুষ্ক মৌসুমে কিশোরগঞ্জের মূল ভূখণ্ডের সাথে সড়কপথে জেলার হাওরাঞ্চলের যোগাযোগের অন্যতম গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে কাজ করে করিমগঞ্জের চামড়া নৌ বন্দর। সেখানে ভারী থেকে হালকা, সকল প্রকার যানবাহনের নাগচিন্নি নদী পারাপারের জন্য রয়েছে সড়ক ও জনপথ বিভাগের ফেরি। বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে এই ফেরি ধান পরিবহনের জন্য অপরিহার্য হয়ে পড়ে।
কিন্তু কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেরির পন্টুনে ওঠার রাস্তাটি র্যাম্পসহ ডুবে গেছে। রাস্তাটি কাঁচা। ফলে মালামাল বা ধান বোঝাই করা যানবাহন আন্দাজের ওপর ফেরি থেকে নামতে বা উঠতে গিয়ে প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ী আল আমিন, মাঈনুদ্দিন ও ইয়াসিনসহ অনেকেই। রোববার গিয়ে দেখা গেছে, হাওরের ধানের বস্তা আর জমির কাটা ধানের আঁটি বোঝাই দেওয়া ট্রাক্টরগুলো ফেরি থেকে ঝুঁকি নিয়ে পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় নেমে মূল সড়কে উঠছে। এসব ট্রাক্টর ইটনার বিভিন্ন এলাকা থেকে ধান বোঝাই দিয়ে সড়ক পথে এসে ইটনার বড়িবাড়ি এলাকায় একটি ফেরি পার হয়। এর পর পার হতে হয় চামড়া বন্দরের ফেরি। ইটনার বড়িবাড়ি এলাকার ফেরি ঘাটেরও একই অবস্থা বলে জানালেন এক ট্রাক চালক আব্দুর রহমান। প্রায়ই কোন কোন মাল বোঝাই ট্রাক্টর বা ট্রলির চাকা পানির নিচে কাঁচা রাস্তায় বসে যায়। তখন ফেরিতে ওঠা বা নামার জন্য অন্যান্য যানবাহনকে দীর্ঘ সময় আটকে থাকতে হয়।
জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সালকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, সাধারণত এই সময়ে পন্টুনের রাস্তা নিমজ্জিত হয় না। কিন্তু এবারের বৈরি প্রকৃতির কারণে পন্টুনের রাস্তাটি ডুবে গেছে। এরকম অবস্থায় দেশের কিছু কিছু এলাকায় ফেরি বন্ধ হয়ে গেছে। কিন্তু কিশোরগঞ্জে এখন ধান পরিবহনের বিষয় রয়েছে। ফলে বন্ধ করা যাচ্ছে না। আবার পন্টুনের সামনে পানির গভীরতা কম থাকার কারণে পন্টুন আগানোও যাচ্ছে না। এ বিষয়ে আপাতত কিছু করণীয়ও বের করা যাচ্ছে না। ফলে সবাইকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।