সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কাটা খাল পুনঃখনন উদ্বোধন করা হয়েছে। ৬ মে বুধবার বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়ায়) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়ায়) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচী চালু করেছিলেন। তাঁর সেই দূরদর্শী উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমানেও এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং খালে মাছ চাষ ও খালের দুই পাড়ে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজিপিপি কর্মসূচীর আওতায় জালালপুর কাটা খাল থেকে লোহাজুরী ইউনিয়নের অরিয়াধর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।