• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

অধ্যক্ষ ও শিক্ষক জানান পরীক্ষার নিয়মের কথা, হিজাবের তর্কে পরীক্ষার খাতা আটকে রাখা হয় ৪০ মিনিট, পাঠানো হলো উকিল নোটিশ

অধ্যক্ষ ও শিক্ষক জানান পরীক্ষার নিয়মের কথা
হিজাবের তর্কে পরীক্ষার খাতা
আটকে রাখা হয় ৪০ মিনিট
পাঠানো হলো উকিল নোটিশ

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে অনার্স শেষ বর্ষের এক ছাত্রীর হিজাব পরার ঘটনায় তাঁর চূড়ান্ত পরীক্ষার খাতা এক শিক্ষক ৪০ মিনিট আটকে রাখেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থীর আইনজীবী মামা ওই কলেজের অধ্যক্ষের কাছে সোমবার প্রথমে একটি লিখিত নালিশ করেছিলেন। অনুলিপি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব ও জেলা প্রশাসককে। কোন প্রতিকার না পেয়ে গতকাল বুধবার পরীক্ষার্থী ওই শিক্ষকের কাছে ডাকযোগে আইনজীবী মামার মাধ্যমে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। তবে ওই কলেজের অধ্যক্ষ ও দায়িত্ব পালনকারী শিক্ষক বললেন, পরীক্ষায় অসদুপায় রোধ করতে হিজাব খুলে চেহারার সাথে প্রবেশপত্রের ছবি মিলিয়ে দেখার নিয়ম রয়েছে। দায়িত্ব পালনে কোন অন্যায় বা ভুল ছিল না।
অ্যাডভোকেট আব্দুল মোমেন ভূঁইয়া তুহিনের লিখিত অভিযোগ ও তাঁর সাথে কথা বলে জানা যায়, তাঁর ভাগ্নি সুমাইয়া আক্তার শহরের পৌর মহিলা কলেজ থেকে এবার অর্থনীতিতে শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন। সুমাইয়ার আসন পড়েছে শহরের সরকারি গুরুদয়াল কলেজের আবদুল হামিদ ভবনের ৫০৪ নম্বর কক্ষে। তাঁর রোল নম্বর ২৫৬৪৬৩৬। গত ৩০ এপ্রিল মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন বিষয়ে পরীক্ষা শুরু হয় দুপুর ১টায়। সুমাইয়া আক্তার ও অপর পরীক্ষার্থী মুনিরা হিজাব পরিহিত ছিলেন। ওই কক্ষে দায়িত্ব পালন করছিলেন গুরুদয়াল কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ পরান। পরীক্ষা চলাকালে ১টা ৪৫ মিনিটে তিনি দুই পরীক্ষার্থীকে হিজাব খুলে চেহারা দেখাতে বলেন। সুমাইয়া তখন একজন মহিলা শিক্ষক বা মহিলা পুলিশের সামনে হিজাব খোলার জন্য বলেন। কিন্তু শিক্ষক শাহ পরান এ কথায় কর্ণপাত না করে নিজেই শক্তি প্রয়োগ করে দু’জনের হিজাব উন্মুক্ত করেন। মহিলা শিক্ষক ও মহিলা পুলিশের কথা বলায় সুমাইয়া আক্তারকে অকথ্য ভাষায় গালাগাল করে পরীক্ষার খাতা নিয়ে যান। অনেক অনুরোধের পর ৪০ মিনিট বিলম্বে খাতাটি ফেরত দেন শিক্ষক শাহ পরান। এতে সুমাইয়ার পরীক্ষার যথেষ্ট ক্ষতি হয়েছে।
ওই শিক্ষক বহিষ্কারের ক্ষমতা রাখেন, যে কোন সময় বহিষ্কার করতে পারেন বলেও হুমকি দেন। ফলে সুমাইয়া আক্তারের মনে একটা ভীতি কাজ করছে। পরবর্তী পরীক্ষাগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অ্যাডভোকেট আব্দুল মোমেন ভূঁইয়া তুহিন মনে করছেন।
অ্যাডভোকেট তুহিন অধ্যক্ষের কাছে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন। পরীক্ষার্থী সুমাইয়া আক্তারকে প্রশ্ন করলে তিনিও এসব অভিযোগের কথা বলেছেন। তিনি বলেন, এখনও ছয়টি পরীক্ষা বাকি আছে। ওই শিক্ষক শাহ পরান তাকে বহিষ্কারের ক্ষমতা রাখেন বলে হুমকি দিয়েছেন। যে কারণে তাকে এক ধরনের ভীতি তাড়া করছে বলে জানিয়েছেন।
শিক্ষক শাহ পরানের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমি সুমাইয়ার সামনের আসনের পরীক্ষার্থীকে প্রবেশপত্রের ছবির সাথে যাচাই করার জন্য হিজাব খুলতে বললে তিনি সবসময় হিজাব ব্যবহার করেন বললে আর তাকে কিছু বলিনি। সুমাইয়াকে হিজাব খুলতে বলতেই বলে ওঠেন, আপনি যেভাবে বলছেন, তাতে তো হিজাব খুলতেই হবে। সুমাইয়া নিজেই হিজাব খুলেছেন। তার কথাগুলো ছিল বহিষ্কার করার মত অশোভন। তবে খাতাটি ১০ মিনিটের মত আটকে রেখেছিলাম। এখন বাড়িয়ে বলা হচ্ছে।’ মহিলা শিক্ষক বা মহিলা পুলিশের সামনে হিজাব খোলার মত কোন কথা সুমাইয়া বলেননি বলেও শিক্ষক শাহ পরান জানান। তবে উকিল নোটিশ পাঠানোর বিষয়টি তিনি জানেন না বললেন।
সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহকে এ বিষয়ে প্রশ্ন করলে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তবে উকিল নোটিশ পাঠানোর বিষয়টি তিনিও জানেন না বলেছেন। তিনি বলেন, অনেক পরীক্ষার্থী হিজাব পরে আসেন। হিজাবের আড়ালে অনেকে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করেন। যে কারণে কান পর্যন্ত চেহারা দেখার প্রয়োজন হয়। পরীক্ষায় এ ধরনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়, বাধার মুখে পড়তে হয়। পরীক্ষার্থী সুমাইয়া শিক্ষক শাহ পরানের সাথে আপত্তিকর আচরণ করেছেন। এখন যে অভিযোগগুলো বলছেন, তা সঠিক নয়।
এদিকে অ্যাডভোকেট আব্দুল মোমেন ভূঁইয়া তুহিনের মাধ্যমে পাঠানো উকিল নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কেন মহামান্য হাইকোর্ট বা অন্য কোন অধীনস্থ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে উপযুক্ত কারণ দর্শাতে হবে। নতুবা ওই শিক্ষকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের বিধানমতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *