# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় গুরুতর আহত হারুণ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকায় জাতীয় বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের জামাতা মো. জীবন মিয়া। নিহত হারুণ মিয়া টুকচানপুর গ্রামের মৃত জয়দর মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর উপজেলার আগানগর ইউনিয়নের টুকচাঁন পুরের চরপাড়া এলাকায় দিনভর দোকান চালিয়ে রাতে দোকান মালিক জহির মিয়া তার দোকান বন্ধ করে চলে যান। ভুলক্রমে ওই দিন তিনি গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করেননি। এতে দীর্ঘ সময় ধরে গ্যাস দোকানে ছড়িয়ে পড়ে। ৪ ডিসেম্বর সকালে এক পর্যায়ে অজ্ঞাতসারে আগুনের উৎস থেকে আগুন ধরে গেলে মুহুর্তেই আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় আগুনে ওই দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে হারুণ মিয়া গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। এ ছাড়াও বিস্ফোরণে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরাসহ মোট ১৯ জন আহত হয়েছিলেন। ঘটনার পর স্থানীয়রা আহত ১৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এদের মধ্যে গুরুতর আহত হারুন মিয়াসহ ১১ জনকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। দীর্ঘ এ সপ্তাহ ঢাকায় জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় থেকে মৃত্যু বরণ করেন হারুণ মিয়া।
এ বিষয়ে নিহতের মেয়ের জামাই জীবন মিয়া বলেন, ১ সপ্তাহ আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যু বরণ করেন আমার শ্বশুর। আগুন লাগার পর চিকিৎসা দিতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছিল। ভৈরবের প্রশাসন টাকার আশ্বাস দিলেও কোন রকম সহায়তা করেনি। কিছু টাকা সহায়তা দিলে হয়তো আরো ভাল ভাবে চিকিৎসা করতে পারতাম। ভাল চিকিৎসা পেলে হয়তো আমার শ্বশুর বেঁচে যেতেন।
তিনি বলেন, নিহতের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন আমার শ্বশুর।
তিনি আরো বলেন, আহত ১১ জনের মধ্যে ৯ জন ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। টুকচাঁনপুর এলাকার তৌহিদ মিয়ার ছেলে সামিউন মিয়া এখনো চিকিৎসাধীন রয়েছে। তাঁর চোখে সমস্যা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছিল হারুণ মিয়া। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুটা দুঃখজনক। অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন আমি টুকচানপুর এলাকায় পরিদর্শন করেছি। আহতের সহায়তা ব্যবস্থাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। নিহতের পরিবারকেও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে।