# সাখাওয়াত হোসেন হৃদয় :-
প্রায় আট কিলোমিটারের পাকুন্দিয়া-পুলেরঘাট পাকাসড়ক। পাকুন্দিয়া থেকে দ্রুততম সময়ে ময়মনসিংহ-ভৈরব সড়কে পৌঁছতে এ সড়কটি ব্যবহার করে থাকেন চালক ও যাত্রীরা। সেই হিসেবে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সংস্কারের অভাবে বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন চালক ও যাত্রীরা। শিগগিরই সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।
জানা গেছে, পাকুন্দিয়া পৌরসদরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মোড় থেকে পোড়াবাড়িয়া-আজলদী-পুলেরঘাট সড়ক অবস্থিত। প্রায় আট কিলোমিটারের এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। ঢাকা থেকে পণ্যবাহি বিভিন্ন ট্রাক-পিকআপ ভৈরব-ময়মনসিংহ সড়কের পুলেরঘাট হয়ে পাকুন্দিয়ায় প্রবেশ করে। আবার অনেকে পুলেরঘাট হয়ে ভৈরব, ময়মনসিংহ চলাফেরা করে থাকেন। এজন্য সড়কটি বেশ গুরুত্বপূর্ণ।
এছাড়াও সড়ক দিয়ে প্রতিদিন পোড়াবাড়িয়া, নারান্দী, আজলদীসহ আশপাশের বিভিন্ন এলাকার শতশত সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে পুরো সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন চালক ও যাত্রীরা। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
সরেজমিনে সড়কটি ঘুরে দেখা গেছে, পুরো সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ। ছোট-বড় গর্ত হয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। সড়কটির এ অবস্থায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তাটির কিছু দূর পরপর ছোট-বড় গর্ত। আট কিলোমিটার সড়কের বেশিরভাগই এ রকম। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
স্থানীয়রা জানান, পুরো সড়কজুড়েই ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই যাত্রীবাহী অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা আহত হচ্ছেন। স্থানীয়ভাবে মাঝে মাঝে কিছু গর্ত ইটের সুড়কি দিয়ে ভরাট করলেও তা টিকছে না। রাস্তাটি দিয়ে যাতায়াত করতে গিয়ে চালক ও যাত্রীরা সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন। কাজেই দুর্ভোগ লাগবে রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
রায়হান উদ্দিন ভূঁইয়া নামে এক যাত্রী বলেন, রাস্তাটি নিয়ে আমরা খুবই কষ্টে আছি। পাকুন্দিয়া থেকে পুলেরঘাট যেতে আগে যেখানে সময় লাগতো ১৫-২০ মিনিট। সেখানে এখন সময় লাগছে ঘন্টাখানেক। সাথে ভোগান্তি তো আছেই।
আকাশ মিয়া নামে এক অটোরিকশা চালক বলেন, আমি অন্য সড়কে গাড়ি চালাই। আজ রিজার্ভ নিয়ে এই সড়ক দিয়ে পুলেরঘাট গিয়েছিলাম। বাজে অবস্থা। যাত্রীরাও কষ্ট পেয়েছেন। এমন বাজে রাস্তা উপজেলায় মনে হয় আর নেই।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার বলেন, সড়কটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।